অনলাইন ডেস্ক: ভারতীয় চলচ্চিত্রের শক্তিমান ও বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে গোয়ায় নিজ বাড়িতে হৃদ্রোগে আক্রান্ত হওয়ার পর তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রায় ৪৫ মিনিট ধরে চিকিৎসকেরা তাকে বাঁচানোর চেষ্টা করেও ব্যর্থ হন। পরে ভোর ৫টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয়।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে মণিপাল হাসপাতালের অনকোলজি বিভাগের প্রধান ড. শেখর সালকার জানান, টানা ৪৫ মিনিট সিপিআর দেওয়ার পরও তাকে ফেরানো সম্ভব হয়নি।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা নানা পাটেকারকে সিপিআর দিয়ে বাঁচানোর চেষ্টা করেন। পরে তার মৃত্যুর ঘোষণা দেওয়া হয়। ওই সময় তার ছেলে মালহার পাটেকার পুনেতে ছিলেন। বাবার মৃত্যুর খবর পেয়ে তিনি গোয়ার উদ্দেশে রওনা হয়েছেন বলে জানা গেছে।
মৃত্যুর ঘটনায় একটি মেডিকেল-লিগ্যাল কেস (এমএলসি) নথিভুক্ত করা হয়েছে। নিয়ম অনুযায়ী তার ময়নাতদন্ত সম্পন্ন করা হবে।
অভিনয়জীবন
১৯৫১ সালের ১ জানুয়ারি মহারাষ্ট্রে জন্ম নেওয়া নানা পাটেকারের আসল নাম বিশ্বনাথ পাটেকার। তীব্র অভিনয়, শক্তিশালী সংলাপ উপস্থাপন এবং জটিল ও ব্যতিক্রমী চরিত্র ফুটিয়ে তোলার দক্ষতায় ভারতীয় সিনেমায় আলাদা অবস্থান তৈরি করেন তিনি।
তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই অভিনেতা ‘নাটসম্রাট’, ‘ওয়াজুদ’, ‘পরিন্দা’, ‘অব তক ছাপ্পান’ ও ‘ইয়েশবন্ত’সহ একাধিক প্রশংসিত সিনেমায় অভিনয় করেছেন।
১৯৭৮ সালে ‘গমন’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার। পরে ‘শক্তি: দ্য পাওয়ার’, ‘অব তক ছাপ্পান’, ‘অপহরণ’ ও ‘ট্যাক্সি নাম্বার ৯২১১’-এ অভিনয়ের জন্য প্রশংসিত হন।
২০০৭ সালের ‘ওয়েলকাম’ সিনেমায় গ্যাংস্টার উদয় শেঠির চরিত্রে অভিনয় করে নতুন করে আলোচনায় আসেন নানা পাটেকার। পরে ‘ওয়েলকাম ব্যাক’ সিনেমাতেও একই ভূমিকায় দেখা যায় তাকে। ২০১০ সালের রাজনৈতিক থ্রিলার ‘রাজনীতি’ সিনেমাতেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন তিনি।

