অনলাইন ডেস্ক: আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে শেষ ম্যাচ খেলে ফেললেন লিওনেল মেসি। এই মহাতারকার শেষটা আরও রঙিন হতে পারত ২০২৬ বিশ্বকাপে। ফাইনালে একপেশে লড়াইয়ের পর স্পেনের ১-০ গোলের জয়ে আর্জেন্টিনার টানা দ্বিতীয় বিশ্বশিরোপা জয়ের স্বপ্ন ভেস্তে গিয়েছিল। এরপর ছড়িয়েছিল নানা ষড়যন্ত্র তত্ত্ব। যা নিয়ে তখনই বেশ কয়েকজন কোচ-ফুটবলার কথা বলেছেন। তবে মেসি মুখ খুললেন আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের দিনে।
বিশ্বকাপ পরবর্তী ফিফার প্রথম উইন্ডোতে আর্জেন্টিনার শেষ ম্যাচটি মেসির বিদায়ের জন্য নির্ধারিত ছিল। বুয়েন্স আয়ার্সের এস্তাদিও মনুমেন্টালে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে ৩-০ গোলে জিতেছে লিওনেল স্কালোনির দল। বিদায়ী ম্যাচে মেসি একটি গোল ও দুটি অ্যাসিস্ট করে দলের জয়ে অবদান রাখেন।
বিদায়ী বক্তব্যে মেসি বলেন, শেষ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন পূরণে দল নিজেদের সর্বস্ব দিয়েছিল। তার ভাষ্য, ফাইনালের আগে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটি শারীরিক ও মানসিকভাবে দলকে অনেকটাই ক্লান্ত করে দিয়েছিল। তিনি বলেন, কিছু মানুষ যেভাবে বিষয়টি উপস্থাপন করছেন, তেমন অস্বাভাবিক কিছু ঘটেনি।
মেসি আরও বলেন, জাতীয় দলের জার্সিতে তারা সব সময়ের মতোই লড়াই করেছেন এবং সতীর্থরা নিজেদের সর্বস্ব উজাড় করে দিয়েছেন। আগের প্রতিযোগিতাগুলোতেও দল চ্যাম্পিয়ন হওয়ার খুব কাছে পৌঁছেছিল বলে উল্লেখ করেন তিনি।
বাইরের সমালোচনা ও আক্রমণের মুখে দলের ঐক্য ধরে রাখার ওপরও গুরুত্ব দেন আর্জেন্টিনার অধিনায়ক। তিনি বলেন, দল একসঙ্গে ও ঐক্যবদ্ধ থাকলে যেকোনো বাধা অতিক্রম করার সামর্থ্য অর্জন করে। সামনে কঠিন সময় আসতে পারে উল্লেখ করে সতীর্থদের পরস্পরের পাশে থাকার আহ্বান জানান তিনি।
সতীর্থদের সঙ্গে শেষ আলোচনার প্রসঙ্গ টেনে মেসি বলেন, বড় লক্ষ্য অর্জনের জন্য শক্তিশালী ও ঐক্যবদ্ধ দল প্রয়োজন। জাতীয় দলকে ব্যর্থ দেখতে চাওয়া কিছু মানুষ আছে দাবি করে তিনি বলেন, কঠিন সময়ে দলের প্রকৃত শক্তি প্রকাশ পায়।
মেসির বক্তব্য শুনে আবেগাপ্লুত হয়ে কেঁদে ফেলেন এনজো ফার্নান্দেজও।

