Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

বিশ্বকাপজয়ীদের মিলনমেলা, উচ্ছ্বাস ও হৃদয়ভাঙার মঞ্চে অবসরে মেসি

বিশ্বকাপজয়ীদের মিলনমেলা, উচ্ছ্বাস ও হৃদয়ভাঙার মঞ্চে অবসরে মেসি

অনলাইন ডেস্ক: ‘এসো, এসো… আমার সাথে গাও… তুমি একজন বন্ধু পাবে… হাতে হাত রেখে… লিও মেসির সাথে… আমরা সবাই জয়ের আনন্দ উদযাপন করতে যাচ্ছি।’ আর্জেন্টাইন মহাতারকাকে বিদায় দিতে আসা ভক্তরা এভাবেই কোরাস মিলিয়ে গাইছিলেন এস্তাদিও মনুমেন্তালে। আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরে উচ্ছ্বাস ও হৃদয়ভাঙার মিশ্র অনুভূতি তৈরি হয়। সেখানে মিলনমেলা বসেছিল ১৯৭৮, ১৯৮৬ ও ২০২২ বিশ্বকাপজয়ী ফুটবলারদের।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) মেসিকে শেষবারের মতো মাঠে নামার জন্য রাজি করায়, যাতে তিনি ‘উপযুক্ত বিদায়’ পান। বুয়েনস আয়ার্সের এস্তাদিও মনুমেন্তালে দর্শক ধারণক্ষমতা ৮৫ হাজারের বেশি। মেসির বিদায়ী ম্যাচের টিকিট ৯০ মিনিটেই বিক্রি হয়ে যায়। পরে পুনঃবিক্রয়ের ওয়েবসাইটে প্রতি টিকিটের দাম ২৫০০ ডলার ছাড়িয়ে যায়। আয়োজনে আর্জেন্টিনার ১৯৭৮, ১৯৮৬ ও ২০২২ সালের বিশ্বকাপজয়ী দলের খেলোয়াড় এবং তাদের পরিবারের সদস্যরা অংশ নেন।

এর আগে কোচ লিওনেল স্কালোনি জানিয়েছিলেন, মেসি মনুমেন্তালে পা রাখার মুহূর্ত থেকেই দিনটি অবিস্মরণীয় হয়ে উঠবে। মাঠে যাওয়ার পথে টিম বাসকে ঘিরে মানুষের ভালোবাসায় আবেগাপ্লুত মেসিকে চোখ অশ্রুসিক্ত হতে দেখা যায়। নিরাপত্তাকর্মীরা মানুষকে সরানোর চেষ্টা করলেও অনেকে কাছ থেকে শুভেচ্ছা জানাতে রাস্তায় নেমে আসেন। এতে খেলোয়াড়দের বাস নির্ধারিত সময়ের পরে স্টেডিয়ামে পৌঁছায় এবং ম্যাচও নির্ধারিত সময়ের আধাঘণ্টা পরে শুরু হয়।

কিক-অফের আগে মাঠে আর্জেন্টিনার বিশাল ‘১০ নম্বর’ জার্সি বিছানো হয়। সেখানে মেসির নামের বদলে লেখা ছিল ‘গ্রেসিয়াস’ বা ধন্যবাদ। জাতীয় সংগীতের সময়ও আবেগাপ্লুত হয়ে পড়েন মেসি। তার সঙ্গে ছিলেন তিন ছেলে—থিয়াগো, মাতেও ও চিরো। আতশবাজি, স্লোগান এবং ফাবিও সান্তানার কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে স্টেডিয়ামে আবেগঘন পরিবেশ তৈরি হয়।

বিদায়ী ম্যাচে ২০২২ বিশ্বকাপের চ্যাম্পিয়ন ও ২০২৬ আসরের রানার্সআপ আর্জেন্টিনা বেনিনের মুখোমুখি হয়। মেসির সম্মানে দশম মিনিটে খেলা থামান রেফারি। দর্শকেরা দুই মিনিট দাঁড়িয়ে হাততালি ও ‘ওলে ওলে মেসি’ স্লোগানে তাকে অভিবাদন জানান। ম্যাচে এক গোল ও দুই অ্যাসিস্ট করে জাতীয় দলের শেষ ম্যাচটি স্মরণীয় করে রাখেন মেসি।

ম্যাচ শেষে ড্রোন প্রদর্শনীতে আকাশে ফুটে ওঠে ‘গ্রেসিয়াস লিও’ লেখা। পরে সোলেদাদ পাস্তোরুত্তি ‘ব্রিনদিস’ গান পরিবেশন করেন। সবশেষে মেসির বিদায়ী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের আবেগঘন সমাপ্তি হয়।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram