অনলাইন ডেস্ক: তাপমাত্রা কমে এলে এবং দিন ছোট হয়ে দ্রুত অন্ধকার নামলে রোগ প্রতিরোধ ব্যবস্থার বাড়তি সহায়তা প্রয়োজন হতে পারে। এ সময়ে কাশি, সর্দি ও নাক দিয়ে পানি পড়ার মতো সমস্যা দেখা দিতে পারে। তবে প্রতিদিনের খাদ্যতালিকায় কিছু খাবার যোগ করে রোগ প্রতিরোধ ক্ষমতাকে সহায়তা করা সম্ভব।
সুস্থ রোগ প্রতিরোধ ব্যবস্থা জীবাণু ও ভাইরাসের বিরুদ্ধে শরীরের প্রথম সারির প্রতিরক্ষা হিসেবে কাজ করে। কোনো খাবারই সর্বরোগের নিরাময় নয়, তবে কিছু উপাদান শরীরের প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে সাহায্য করতে পারে।
সাইট্রাস ফল
কমলা, জাম্বুরা ও লেবুর মতো সাইট্রাস ফলে ভিটামিন সি থাকে। এই ভিটামিন শ্বেত রক্তকণিকা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যা সংক্রমণের বিরুদ্ধে লড়াইয়ে প্রয়োজনীয়। প্রতিদিনের খাদ্যতালিকায় কমলার রস, চায়ে লেবু বা নাশতায় জাম্বুরা রাখা যেতে পারে।
রসুন
রসুনে থাকা অ্যালিসিনের মতো যৌগ সংক্রমণ-প্রতিরোধী কোষকে উদ্দীপিত করে রোগ প্রতিরোধ ক্ষমতাকে সহায়তা করতে পারে। সস, ড্রেসিং বা রান্নায় তাজা রসুন ব্যবহার করা যায়। রান্নার আগে রসুন থেঁতো বা কুচি করে কয়েক মিনিট রেখে দিলে এর স্বাস্থ্যকর উপাদান সক্রিয় হতে পারে।
আদা
আদার প্রদাহ-বিরোধী ও অ্যান্টিঅক্সিডেন্ট গুণ রয়েছে। এটি গলা ব্যথা উপশম, বমি বমি ভাব কমানো এবং প্রদাহ মোকাবিলায় সহায়ক হতে পারে। স্যুপ, স্টু, স্মুদি বা আদা চায়ে এটি যোগ করা যায়।
দই
দইয়ের প্রোবায়োটিক উপকারী ব্যাকটেরিয়া হিসেবে অন্ত্রের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে। অন্ত্রের স্বাস্থ্য রোগ প্রতিরোধ ক্ষমতার সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। দইয়ের সঙ্গে সামান্য মধু বা তাজা ফল মিশিয়ে খাওয়া যেতে পারে।
পালং শাক
পালং শাকে ভিটামিন সি, বিটা-ক্যারোটিন ও বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। সালাদ, স্যুপ ও স্মুদিতে এটি যোগ করা যায়। হালকা আঁচে রান্না করলে এতে ভিটামিন এ-এর পরিমাণ বাড়তে পারে এবং অন্যান্য পুষ্টি উপাদানও শরীরের জন্য সহজলভ্য হতে পারে।

