অনলাইন ডেস্ক: পাবনার সুজানগর উপজেলার আমিনপুরে নিখোঁজের একদিন পর সুপ্রভাত মদক (৩৮) নামে এক ব্যবসায়ীর আগুনে ঝলসানো মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার আহম্মদপুর ইউনিয়নের আহম্মদপুর মিস্ত্রিপাড়া গ্রামের বাড়ির পেছনের একটি হলুদের ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সুপ্রভাত মদক ওই গ্রামের সত্যচরণ মদকের ছেলে। তিনি কাশীনাথপুর বাজারে হোটেল ব্যবসা করতেন। বিষয়টি নিশ্চিত করেছেন আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে এলাহী।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার সুপ্রভাত ব্যবসাপ্রতিষ্ঠানে ছিলেন। বিকেলে স্ত্রীকে নিয়ে চিকিৎসকের কাছে যাওয়ার পর স্ত্রীকে বাড়িতে পাঠিয়ে দেন তিনি। পরে নিজে বাড়িতে ফেরার কথা জানালেও আর ব্যবসাপ্রতিষ্ঠান কিংবা বাড়িতে ফেরেননি।
পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেয়ে রাতে আমিনপুর থানা পুলিশকে মৌখিকভাবে জানান। এরপর পুলিশও তার সন্ধানে কাজ শুরু করে।
ওসি ফজলে এলাহী জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় সুপ্রভাতের মোবাইল ফোনের অবস্থান শনাক্তের চেষ্টা করা হয়। রাত ১২টার দিকে ফোনটি চালু পাওয়া গেলেও একাধিকবার কল করার পর তিনি তা ধরেননি। পরে তার নম্বরে আবার ফোন এলেও অবস্থান নিশ্চিত হওয়া যায়নি।
মঙ্গলবার সকালে স্থানীয়রা বাড়ির পাশে হলুদের ক্ষেতে সুপ্রভাতের মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য তা পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ওসি ফজলে এলাহী বলেন, সুপ্রভাতকে হত্যা করা হয়েছে—এটি নিশ্চিত। তবে হত্যার আগে তাকে আগুনে ঝলসানো হয়েছে, নাকি হত্যার পর শরীরে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
কারা এবং কী কারণে তাকে হত্যা করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। হত্যায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

