অনলাইন ডেস্ক: ভারী মোটরযানের ড্রাইভিং লাইসেন্স পেতে সংশ্লিষ্ট শ্রেণির যানবাহনে পরীক্ষা দেওয়ার নিয়ম রয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ)। তবে ভোলা সার্কেলে এ নিয়ম মানা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। প্রাইভেটকারে পরীক্ষা নিয়েই ঘুষের বিনিময়ে ট্রাক, কাভার্ডভ্যান ও বাস চালানোর লাইসেন্স দেওয়ার অভিযোগ উঠেছে বিআরটিএর মোটরযান পরিদর্শক আবু পলাশের বিরুদ্ধে।
অভিযোগকারীদের দাবি, ভারী যানবাহনের লাইসেন্স পেতে পরীক্ষার্থীদের কাছ থেকে নেওয়া হচ্ছে ৬ হাজার টাকা পর্যন্ত। নির্ধারিত পরীক্ষায় ভারী যানবাহন না চালিয়েও শুধু প্রাইভেটকার চালিয়ে পরীক্ষায় অংশ নিয়ে অনেকে উত্তীর্ণ হয়েছেন। এরপর তাদের দেওয়া হয়েছে ভারী যানবাহন চালানোর লাইসেন্স।
এক দিনে ১৭৮ পরীক্ষার্থী, উত্তীর্ণ ৩৯
প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত ১১ আগস্ট ভোলা বিআরটিএ সার্কেলে ড্রাইভিং পরীক্ষায় অংশ নেন ১৭৮ জন। এর মধ্যে ১৩৯ জন অকৃতকার্য হলেও উত্তীর্ণ হন ৩৯ জন।
পরীক্ষার্থী ও ভুক্তভোগীদের অভিযোগ, উত্তীর্ণদের একটি অংশ প্রকৃতপক্ষে ভারী যানবাহন চালানোর পরীক্ষায় অংশ নেননি। তারা প্রাইভেটকার চালিয়ে পরীক্ষায় অংশ নিয়েছেন। পরে ঘুষের বিনিময়ে ভারী যানবাহনের লাইসেন্স পেয়েছেন বলে অভিযোগ রয়েছে।
এভাবে লাইসেন্স পাওয়া ব্যক্তিদের মধ্যে কয়েকজনের লার্নার নম্বরও পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে 32-18491882, 32-18492535, 32-18492540, 32-18495156, 32-18496425, 32-18496783, 32-18496833, 32-18499139, 32-17372063 ও 32-18580198।
একাধিক দিনেও একই অভিযোগ
শুধু ১১ আগস্ট নয়, এর আগেও বিভিন্ন দিনে একই পদ্ধতিতে ভারী যানবাহনের লাইসেন্স দেওয়ার অভিযোগ রয়েছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২৮ জুলাই আটজন এবং ২১ জুলাই ১৪ জনকে একই প্রক্রিয়ায় লাইসেন্স দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ৩০ জুনসহ বিভিন্ন দিনে আরও অন্তত ৩৭ জনের ক্ষেত্রে এমন অনিয়মের তথ্য পাওয়া গেছে।
অভিযোগকারীদের দাবি, এসব ব্যক্তির অনেকে ভারী যানবাহন চালানোর বাস্তব দক্ষতা না থাকা সত্ত্বেও লাইসেন্স পেয়েছেন।
দালালদের মাধ্যমে লেনদেনের অভিযোগ
অনুসন্ধানে সংশ্লিষ্টদের কাছ থেকে অভিযোগ পাওয়া গেছে, মোটরযান পরিদর্শক আবু পলাশ বিভিন্ন সময় দালালদের মাধ্যমে ঘুষের লেনদেন পরিচালনা করেন। তার ভাই বিপুলও এই লেনদেনের সঙ্গে যুক্ত বলে অভিযোগ রয়েছে।
অভিযোগকারীদের ভাষ্য, নির্ধারিত নিয়মে পরীক্ষা দিয়ে লাইসেন্স পেতে যেখানে দক্ষতা প্রমাণের প্রয়োজন, সেখানে অর্থের বিনিময়ে সেই প্রক্রিয়াকে পাশ কাটানোর সুযোগ তৈরি হয়েছে।
শেরপুরেও উঠেছিল অভিযোগ
আবু পলাশের বিরুদ্ধে এর আগেও দুর্নীতির অভিযোগ উঠেছিল। ২০২৩ সালে শেরপুর সার্কেলে দায়িত্ব পালনের সময় ঘুষ না দিলে যোগ্য চালকদের অকৃতকার্য করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।
ওই বছরের ২ মে একটি বেসরকারি টেলিভিশনে ‘শেরপুর বিআরটিএ ফের দুর্নীতির আখড়া’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর তৎকালীন সহকারী পরিচালকের সুপারিশে ৪ মে তাকে বিআরটিএর সদর কার্যালয়ে সংযুক্ত করা হয়েছিল বলে জানা গেছে।
বদলি হলেও বারবার ফিরে মাঠপর্যায়ে
সদর কার্যালয়ে বদলি হওয়ার পরও মাঠপর্যায়ের ‘লাভজনক’ সার্কেলে যাওয়ার চেষ্টা চালানোর অভিযোগ রয়েছে আবু পলাশের বিরুদ্ধে।
তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১৯ মার্চ তাকে সিরাজগঞ্জ সার্কেলে বদলি করা হয়। সেখানে যোগ না দিয়ে তদবিরের মাধ্যমে বদলির আদেশ বাতিল করান বলে অভিযোগ রয়েছে।
এর প্রায় ৪০ দিন পর ফরিদপুর সার্কেলে বদলি করা হলেও ২ মে ‘প্যাসেঞ্জার ভয়েস’ পত্রিকায় এ নিয়ে প্রতিবেদন প্রকাশের পর সেই বদলির আদেশও বাতিল হয়।
সর্বশেষ ২০২৬ সালের ১ মার্চ বিআরটিএর উপপরিচালক (প্রশাসন) তানভীর আহমেদ সিদ্দিকীর স্বাক্ষরিত এক আদেশে আবু পলাশকে ঢাকার সদর কার্যালয় থেকে ভোলা সার্কেলে বদলি করা হয়। ওই আদেশের স্মারক নম্বর ৩৫.০৩.০০০০.০০০.০০১.১৯.০১০৮.২৫-৪২৪।
অদক্ষ চালকের হাতে লাইসেন্স, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
ভুক্তভোগীদের অভিযোগ, দক্ষতা যাচাই না করে অর্থের বিনিময়ে ভারী যানবাহনের লাইসেন্স দেওয়ার ফলে সড়কে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। একই সঙ্গে প্রকৃত দক্ষ ও যোগ্য চালকরাও বঞ্চিত হচ্ছেন।
বিআরটিএর একজন পরিচালক (ইঞ্জিনিয়ারিং) নাম প্রকাশ না করার শর্তে বলেন, আবু পলাশের বিরুদ্ধে বিভিন্ন সময়ে দুর্নীতির অভিযোগ ও প্রমাণ পাওয়া গেলেও প্রশাসন শাখার কিছু কর্মকর্তাকে ‘ম্যানেজ’ করে তিনি বারবার মাঠপর্যায়ের সার্কেল অফিসে পদায়ন পাচ্ছেন বলে অভিযোগ রয়েছে।
ওই কর্মকর্তা মনে করেন, তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি মাঠপর্যায়ের সার্কেল অফিসে পদায়নের বিষয়টিও কঠোরভাবে বিবেচনা করা প্রয়োজন।
বক্তব্য পাওয়া যায়নি
এসব অভিযোগের বিষয়ে মোটরযান পরিদর্শক আবু পলাশের বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। ফলে অভিযোগগুলোর বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।
ভারী যানবাহনের লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে নিয়মিত পরীক্ষা ও দক্ষতা যাচাই কতটা হচ্ছে—ভোলা বিআরটিএতে ওঠা এসব অভিযোগের পর সেই প্রশ্নই এখন সামনে এসেছে।

