অনলাইন ডেস্ক: সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের পর ৪৯তম বিসিএসে আরও ৪০ জনকে শিক্ষা ক্যাডারে নিয়োগ দিয়েছে সরকার।
সোমবার (৫ অক্টোবর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় দ্বিতীয় দফায় এ নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে।
এর আগে ৩০ সেপ্টেম্বর ৪৯তম বিসিএসে ৬১১ জনকে শিক্ষা ক্যাডারে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল।
তখন পুলিশ ভেরিফিকেশনের নামে অনেককে বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছিলেন পিএসসির সুপারিশপ্রাপ্তরা। এ নিয়ে তারা আন্দোলনেও নামেন।
প্রজ্ঞাপনে নিয়োগপ্রাপ্তদের আগামী ১২ অক্টোবরের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের নির্ধারিত কার্যালয়ে যোগ দিতে বলা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে পরবর্তী কোনো নির্দেশ না পেলে ওই তারিখেই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগদান করতে হবে।
নির্ধারিত তারিখে যোগদান না করলে সংশ্লিষ্ট ব্যক্তি চাকরিতে যোগ দিতে সম্মত নন বলে ধরে নেওয়া হবে এবং নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।

