অনলাইন ডেস্ক: ২৪ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছেন লিওনেল মেসি। আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে শেষবার মাঠে নামার আগে আবেগঘন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন তিনি। অনুশীলনে হাসিখুশি দেখা গেলেও জাতীয় দলের সঙ্গে কাটানো মুহূর্তগুলো মিস করার কথা জানিয়েছেন আর্জেন্টিনার এই মহাতারকা।
এজেইজার আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন কমপ্লেক্সে অনুশীলন করছে লিওনেল স্কালোনির দল। অনুশীলনের কয়েকটি ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশ করেছেন মেসি। কঠোর অনুশীলন ও সতীর্থদের সঙ্গে আনন্দঘন মুহূর্তের ছবিগুলোর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমি নিশ্চিত এসব বিশেষ মুহূর্ত মিস করতে যাচ্ছি।’
ছবিগুলোর একটিতে দলের খেলোয়াড়, কোচিং স্টাফ, মাঠ ও এএফএর কর্মীদের সঙ্গে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লাদিও তাপিয়াকেও দেখা যায়। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেওয়া ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দিও মেসির বিদায়ী ম্যাচের আগে অনুশীলনে যোগ দিয়েছেন।
মনুমেন্তালে বিদায়ী ম্যাচ
আর্জেন্টিনা জাতীয় দলে মেসির বিদায়ী ম্যাচটি অনুষ্ঠিত হবে বুধবার ভোর ৫টায়। বুয়েন্স আয়ার্সের মনুমেন্তাল স্টেডিয়ামে প্রতিপক্ষ বেনিন। ম্যাচটির জন্য ওতামেন্দির পাশাপাশি রদ্রিগো ডি পল ও জিওভানি লো সেলসোকেও বিশেষভাবে ডাকা হয়েছে। তবে তারা শুরুর একাদশে থাকবেন কি না বা কতক্ষণ খেলবেন, তা নিশ্চিত নয়।
অপ্রত্যাশিত কোনো পরিস্থিতি না হলে বেনিনের বিপক্ষে মেসি পুরো ৯০ মিনিট খেলবেন বলে ধারণা করা হচ্ছে। মনুমেন্তাল স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ থাকার কথা রয়েছে। ম্যাচের পাশাপাশি সেখানে নানা চমক ও অতিথি শিল্পীদের পরিবেশনা থাকবে। উপস্থিত থাকবেন ২০২২ সালের কাতার বিশ্বকাপে মেসির সঙ্গে শিরোপাজয়ী দলের প্রায় সব খেলোয়াড়।

