Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

লন্ডনে শামীম আজাদ ও মিলটন রহমানের তিন বইয়ের পাঠ উন্মোচন

লন্ডনে শামীম আজাদ ও মিলটন রহমানের তিন বইয়ের পাঠ উন্মোচন

অনলাইন ডেস্ক: কবি শামীম আজাদের নির্বাচিত কাব্যগ্রন্থ ১ ও ২ এবং কবি কথাসাহিত্যিক মিলটন রহমানের উপন্যাস ‘অগ্নি সারসেরা’র পাঠ উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। ৩ অক্টোবর ২০২৬ লন্ডনের কুইনমেরী ইউনিভার্সিটির পিন্টার স্টুডিওতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে শিক্ষক, সাংবাদিক, কবি-সাহিত্যিক, সাংস্কৃতিক কর্মীসহ সমাজের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জৈষ্ঠ্য সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব উর্মি মাযহারের সঞ্চালনায় আয়োজনে শামীম আজাদের কাব্যগ্রন্থ এবং মিলটন রহমানের উপন্যাস ‘অগ্নি সারসেরা’ নিয়ে বক্তব্য উপস্থাপন করেন পাঞ্জেরী পাবলিকেশন্সের ব্যবস্থাপনা পরিচালক কামরুল হাসান শায়ক। তিনি উপন্যাসটিকে তৃণমূল থেকে বৈশ্বিক রাজনীতির দিকে যাত্রার ইতিহাস এবং নতুন মঙ্গল রাষ্ট্র ও রাজনৈতিক দর্শনের সন্ধানে থাকা এক তরুণের গল্প হিসেবে বর্ণনা করেন।

শামীম আজাদের কাব্যগ্রন্থদ্বয় নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন কবি ফারুক আহমদ রনি। তাঁর বক্তব্যে শামীম আজাদকে বিশ্ববাংলা ও বিশ্বের কবি হিসেবে উল্লেখ করা হয় এবং তাঁর কবিতায় মানুষের জীবন ও স্বরূপ উঠে এসেছে বলে মন্তব্য করা হয়।

অতিথির বক্তব্যে জৈষ্ঠ্য সাংবাদিক সৈয়দ বদরুল আহসান বলেন, দুই কবি-লেখকের গ্রন্থ বাংলাসাহিত্যে নতুন ও অভিনব সংযোজন। বাংলা টিভির চেয়ারম্যান সৈয়দ সামাদুল হক উপন্যাসটিকে গভীর অভিনিবেশের ফল হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, শামীম আজাদ তাঁর কবিতায় মানবতার কথা বলেছেন।

এ ছাড়া বক্তব্য দেন কবি হামিদ মোহাম্মদ, কবি স্টিপেন ওয়াটস এবং সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি কবি মোহাম্মদ ইকবাল। শামীম আজাদের কাব্যগ্রন্থ থেকে আবৃত্তি করেন সমর দাস, নজরুল ইসলাম অকিব ও স্মৃতি আজাদ। উপন্যাসের অংশবিশেষ পাঠ করেন বাচিক শিল্পী মুনিরা পারভীন, আনিকা তাসনিম তাপসী ও রিনা দাস।

অনলাইন বুকশপ উদ্বোধন

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আইডিওগ্রাম ও পিবিএস বুকসের যৌথ উদ্যোগে একটি অনলাইন বুকশপ উদ্বোধন করা হয়। আইডিওগ্রামের কোঅর্ডিনেটর সেলিনা শেলী জানান, এখন থেকে ব্রিটেন ও ইউরোপের পাঠকেরা অনলাইনে বই কিনতে পারবেন। ওয়েবসাইট, ফেসবুক, ইমেইল ও হোয়াসএপের মাধ্যমে বই কেনার সুযোগ থাকবে।

তিনি জানান, একই প্ল্যাটফর্ম থেকে প্রতি বছর ব্রিটেন ও ইউরোপের লেখকদের বই প্রকাশ করা হবে। পিবিএসের পক্ষ থেকে কামরুল হাসান শায়ক বলেন, অনলাইন বুকশপের মাধ্যমে ইউরোপে পাঞ্জেরী পাবলিকেশন্সসহ বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের প্রকাশকদের বই পাঠকেরা পাবেন।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram