Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

প্রথম দিনেই রেকর্ড গড়ল ‘দৃশ্যম ৩’

প্রথম দিনেই রেকর্ড গড়ল ‘দৃশ্যম ৩’

অনলাইন ডেস্ক: প্রেক্ষাগৃহে মুক্তির পরই বক্স অফিসে সাড়া ফেলেছে ‘দৃশ্যম ৩: দ্য কনক্লুশন’। গত শুক্রবার (২ অক্টোবর) অজয় দেবগন অভিনীত এই ফ্র্যাঞ্চাইজির শেষ কিস্তি মুক্তি পেয়ে প্রথম দিনেই নতুন ইতিহাস গড়েছে বলে উদ্বোধনী আয়ের তথ্য থেকে জানা গেছে।

বক্স অফিস ট্র্যাকার স্যাকনিল্কের তথ্যমতে, মুক্তির প্রথম দিনে ভারতের বাজারে সিনেমাটি নিট ৬৬.৭৫ কোটি রুপি আয় করেছে। ভারতে এর গ্রস আয় হয়েছে ৮০.১০ কোটি রুপি। দেশের বাইরের বাজার থেকে এসেছে আরও ১৫ কোটি রুপি। সব মিলিয়ে প্রথম দিনে সিনেমাটির বিশ্বব্যাপী গ্রস সংগ্রহ দাঁড়িয়েছে ৯৫.১০ কোটি রুপি।

এই আয়ের মাধ্যমে ‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজির আগের দুই কিস্তির উদ্বোধনী আয়ের রেকর্ড ছাড়িয়ে গেছে সিনেমাটি। ২০১৫ সালে মুক্তি পাওয়া প্রথম সিনেমা ‘দৃশ্যম’ উদ্বোধনী দিনে ৫.৮৫ কোটি রুপি এবং ২০২২ সালের ‘দৃশ্যম ২’ প্রায় ১৫.৩৮ কোটি রুপি নিট আয় করেছিল।

এবারের উদ্বোধনী আয় অজয় দেবগনের অভিনয়জীবনের সবচেয়ে বড় ওপেনিং সাফল্য বলেও উল্লেখ করা হয়েছে।

ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তিতে বিজয় সালগাঁওকর চরিত্রে ফিরেছেন অজয় দেবগন। পরিবারের নিরাপত্তা রক্ষায় তার তৈরি রহস্যের ধারাবাহিকতায় নির্মিত আড়াই ঘণ্টার এই ক্রাইম থ্রিলার পরিচালনা করেছেন অভিষেক পাঠক। মীরা দেশমুখ চরিত্রে তাবু এবং এসপি রাজবীর সিং চরিত্রে জয়দীপ অহলাওয়াতও অভিনয় করেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram