Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

গৌরনদীতে বাস টার্মিনালে ককটেল বিস্ফোরণ ও সংঘর্ষ, আহত ২০

গৌরনদীতে বাস টার্মিনালে ককটেল বিস্ফোরণ ও সংঘর্ষ, আহত ২০

অনলাইন ডেস্ক: বরিশালের প্রবেশদ্বার গৌরনদী উপজেলার ভুরঘাটা বাস টার্মিনালে বাসভাড়া নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় ঢাকা-বরিশাল মহাসড়কে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে সংঘর্ষ শুরু হয়। বরিশালের গৌরনদী ও মাদারীপুর জেলার কালকিনি থানা-পুলিশ প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ১০টার দিকে পরিস্থিতি স্বাভাবিক করে। পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ভুরঘাটা বাস টার্মিনালে কালকিনির ডাসার উপজেলার বনগ্রাম এলাকার এক বাসযাত্রীর সঙ্গে কাউন্টার মাস্টারের বাসভাড়া নিয়ে বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতি হয়। এর জের ধরে শুক্রবার সন্ধ্যায় মাদারীপুরের বনগ্রাম এলাকা থেকে কয়েকশ মানুষ ভুরঘাটা বাস টার্মিনালে আসেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

স্থানীয় ব্যবসায়ীদের ভাষ্য, সংঘর্ষের সময় একাধিক ককটেল বিস্ফোরণ ঘটলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষের কারণে মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে এবং যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

ভুরঘাটা এলাকার বাসিন্দা ও গৌরনদী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাওছার তালুকদার দাবি করেন, বনগ্রাম এলাকার কয়েকশ লোক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বাস টার্মিনালে হামলা চালায়। এতে অন্তত ১৫টি ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর ও মালামাল লুট করা হয়েছে বলেও দাবি করেন তিনি। হামলায় স্থানীয় প্রায় ১৫ জন আহত হয়েছেন বলে জানান কাওছার।

তবে এ অভিযোগ অস্বীকার করে বনগ্রামের বাসিন্দা মোফাজ্জেল সরদার বলেন, বৃহস্পতিবারের ঘটনার বিষয়ে জানতে কয়েকজন ভুরঘাটা বাস টার্মিনালের কাউন্টারে গেলে তাদের ওপর হামলা হয়। খবর পেয়ে বনগ্রামের লোকজন সেখানে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে তাদের পাঁচজন গুরুতর আহত হয়েছেন বলে দাবি করেন তিনি। ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের অভিযোগও মিথ্যা বলে দাবি করেন মোফাজ্জেল।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল জানান, ভুরঘাটা ব্রিজের ঢালে সংঘর্ষের সূত্রপাত হয়। গৌরনদী ও কালকিনি থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram