অনলাইন ডেস্ক: মেটার ব্যক্তিগত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সহকারী মিউজকে বিভিন্ন ধরনের ডিভাইসের সঙ্গে যুক্ত করার সুযোগ দিতে নতুন প্রকল্প চালু করেছে প্রতিষ্ঠানটি। ‘মিউজ গ্যাজেটস’ নামের এই প্রকল্পের মাধ্যমে মিউজের সঙ্গে যুক্ত নিজস্ব ডিভাইস তৈরি করতে পারবেন নির্মাতা ও প্রযুক্তি নিয়ে কাজ করা ব্যক্তিরা।
শুক্রবার প্রকল্পটি চালুর ঘোষণা দেয় মেটা। এতে উন্মুক্ত উৎসের ডিভাইস তৈরির জন্য প্রয়োজনীয় সফটওয়্যার এবং লিনাক্সভিত্তিক সফটওয়্যার উন্নয়ন সরঞ্জাম রাখা হয়েছে। মিউজের সঙ্গে যুক্ত করা যায়—এমন কয়েক ধরনের ডিভাইসের নমুনাও দিয়েছে প্রতিষ্ঠানটি।
মেটার তথ্য অনুযায়ী, মিউজের সঙ্গে রঙিন ইলেকট্রনিক কাগজের পর্দা এবং টেলিভিশনের এইচডিএমআই সংযোগে ব্যবহারযোগ্য ডিভাইস যুক্ত করা যেতে পারে। কম দামের রাসবেরি পাই বা ইএসপি৩২ বোর্ড ব্যবহার করেও এ ধরনের ডিভাইস তৈরি করা যাবে।
এসব ডিভাইসে পর্দা, বোতাম, বিভিন্ন ধরনের সেন্সর ও নিয়ন্ত্রণব্যবস্থা যুক্ত করার সুযোগ থাকবে। প্রযুক্তি নিয়ে পরীক্ষা-নিরীক্ষায় আগ্রহীদের সহায়তার জন্য মেটা একটি ডিসকর্ড চ্যানেলও চালু করেছে।
মিউজ হোম লিংক
মেটা নিজেও ‘মিউজ হোম লিংক’ নামে একটি নমুনা ডিভাইস তৈরি করেছে। প্রতিষ্ঠানটির সুপারইন্টেলিজেন্স ল্যাবসের পণ্য বিভাগের প্রধান নাট ফ্রিডম্যানের তথ্য অনুযায়ী, ইউএসবি-সি সংযোগের এই ডিভাইসের মাধ্যমে মিউজকে ঘরের নেটওয়ার্কে যুক্ত করা যায়। এরপর মিউজ ওই নেটওয়ার্কে থাকা স্মার্ট টেলিভিশন, স্পিকারসহ বিভিন্ন স্মার্ট ডিভাইসের সঙ্গে যোগাযোগ করতে পারে।
মেটা মিউজ হোম লিংকের ৫ হাজার ইউনিট তৈরি করেছে। মিউজের গ্রাহকদের মধ্যে সরবরাহ থাকা পর্যন্ত এগুলো বিনামূল্যে দেওয়ার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। তবে ফ্রিডম্যানের প্রকাশিত তথ্য অনুযায়ী, ডিভাইসটির প্রতি আগ্রহ দ্রুত বেড়েছে।
মিউজ গ্যাজেটস প্রকল্পটি সাধারণ ব্যবহারকারীদের মধ্যে কতটা জনপ্রিয় হবে, তা এখনো স্পষ্ট নয়। তবে এর মাধ্যমে মিউজকে আলাদা একটি এআই সহকারী হিসেবে নয়, বিভিন্ন ডিভাইস ও সেবার সঙ্গে যুক্ত একটি ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছে মেটা।
সম্প্রতি ছোট ব্যবসার জন্য মিউজের নতুন সংস্করণও চালু করেছে মেটা। এতে শপিফাই, ড্রপবক্স ও স্ল্যাকের মতো সেবার সঙ্গে মিউজ যুক্ত করা যায়। ব্যবসা ও করপোরেট গ্রাহকদের জন্য এআই সেবা সম্প্রসারণে নতুন ব্যবসায়িক ইউনিটও চালু করেছে প্রতিষ্ঠানটি।

