Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

থালাপতির ছেলে জেসনের ‘সিগমা’ নিয়ে দর্শকদের মিশ্র প্রতিক্রিয়া

থালাপতির ছেলে জেসনের ‘সিগমা’ নিয়ে দর্শকদের মিশ্র প্রতিক্রিয়া

অনলাইন ডেস্ক: দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়ের ছেলে জেসন সঞ্জয় পরিচালিত প্রথম সিনেমা ‘সিগমা’ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। দীর্ঘদিন ধরে জেসনের পরিচালনায় আসা নিয়ে আলোচনা চললেও অভিষেক সিনেমাতেই তিনি দর্শকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছেন।

‘সিগমা’ একটি এপিসোডিক অ্যাকশন-কমেডি ও হাইস্ট থ্রিলার সিনেমা। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সন্দীপ কিষান ও ফারিয়া আবদুল্লাহ। মুক্তির পর সামাজিক মাধ্যমে সিনেমাটি নিয়ে দর্শকদের নানা মন্তব্য দেখা যাচ্ছে।

অনেক দর্শক সিনেমাটিকে ‘ম্যাস এন্টারটেইনার’ বা পয়সা উসুল সিনেমা হিসেবে উল্লেখ করছেন। তাদের কেউ কেউ সন্দীপ কিষানের পর্দায় উপস্থিতি, বিরতির অংশ এবং অ্যাকশন দৃশ্যের প্রশংসা করেছেন। তাদের দাবি, জেসন সিনেমাটিতে অ্যাকশন ও বিনোদনের সমন্বয় করেছেন, যা প্রেক্ষাগৃহে দেখার উপযোগী।

তবে প্রশংসার পাশাপাশি সমালোচনাও রয়েছে। নেটাগরিকদের একাংশের দাবি, নির্মাতা হিসেবে জেসন আরও ভালো করতে পারতেন। এক দর্শকের মতে, সিনেমাটির চিত্রনাট্য ও চরিত্রায়ন আকর্ষণীয় হয়নি। ইন্টারভ্যাল ও কার্নিভালের দৃশ্য ছাড়া আলাদা করে উল্লেখ করার মতো তেমন কিছু নেই বলেও মন্তব্য করেছেন তিনি। ওই দর্শকের দাবি, নির্মাণ মোটামুটি হলেও জেসনের লেখা গতানুগতিক ও সেকেলে মনে হয়েছে।

কমলা সিনেমাসে ফার্স্ট ডে ফার্স্ট শো (এফডিএফএস) চলাকালে জেসনকে সমর্থন জানাতে তার পুরো পরিবার উপস্থিত ছিল। বড় পর্দায় থালাপতি বিজয়ের ছবি দেখে জেসন আবেগপ্রবণ হয়ে পড়েন। এ সময় এক অনুরাগী লিখেছেন, রাজনৈতিক দায়িত্বে বিজয় থালাপতি ব্যস্ত থাকলেও তার আশীর্বাদ প্রেক্ষাগৃহজুড়ে ছিল।

লাইকা প্রোডাকশন্সের ব্যানারে সুবাস্করণ প্রযোজিত ‘সিগমা’ ইউ/এ (U/A) সেন্সর ছাড়পত্র পেয়েছে। সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন থমন এবং চিত্রগ্রহণ করেছেন কৃষ্ণন বসন্ত।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram