Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা বালন-আর বাল্কি

১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা বালন-আর বাল্কি

অনলাইন ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা বালন এবং খ্যাতনামা দক্ষিণ ভারতীয় পরিচালক আর বাল্কি আইকনিক চলচ্চিত্র ‘পা’ মুক্তির প্রায় ১৭ বছর পর আবারও এক হতে যাচ্ছেন। ২০০৯ সালে নির্মিত ওই ছবির পর এবার সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটি তামিল প্রজেক্টের মাধ্যমে পর্দায় ফিরছেন তারা। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে স্ক্রিপ্ট হাতে শুটিংয়ের পেছনের দৃশ্য শেয়ার করে নতুন এই যাত্রার ঘোষণা দেন বিদ্যা।

ইনস্টাগ্রামে প্রকাশিত ছবিতে ৪৭ বছর বয়সী এই অভিনেত্রীকে চশমা পরা ও বেণী বাঁধা লুকে মনোযোগ দিয়ে চিত্রনাট্য পড়তে দেখা যায়। ছবির ক্যাপশনে বিদ্যা লেখেন, ‘নতুন সূচনা, আর বাল্কির সঙ্গে নতুন তামিল ছবি।’

এই পোস্টের মাধ্যমে সিনেমাটির শুটিং শুরুর প্রাথমিক ইঙ্গিত মিললেও এর নাম বা মূল গল্প সম্পর্কে নির্মাতারা কিছু জানাননি।

২০০৯ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ‘পা’ সিনেমায় অমিতাভ বচ্চনের মায়ের চরিত্রে অভিনয় করে সমালোচকদের প্রশংসা পান বিদ্যা। দীর্ঘ বিরতির পর তাঁদের এই পুনর্মিলন নিয়ে চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।

২০২৬ সালের শেষভাগে কয়েকটি বড় বাজেটের বাণিজ্যিক ছবিতে ব্যস্ত সময় পার করছেন বিদ্যা বালন। মেগাস্টার রজনীকান্তের ‘জেলার ২’ সিনেমায় ‘কান্থা’ চরিত্রে অভিনয় করছেন তিনি। সেখানে মিঠুন চক্রবর্তীর বড় মেয়ের ভূমিকায় দেখা যাবে তাকে। ছবিটির চরিত্রের ফার্স্ট লুক টিজার প্রকাশিত হয়েছে এবং সিনেমাটি ১৫ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।

এ ছাড়া পরিচালক আনিস বাজমির নাম ঠিক না হওয়া একটি কমেডি-ড্রামা ছবিতে অক্ষয় কুমার ও রাশি খান্নার সঙ্গে অভিনয় করবেন বিদ্যা। কেরালায় ছবিটির প্রথম ধাপের শুটিং শেষ হয়েছে। সিনেমাটি ৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে আসার কথা রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram