অনলাইন ডেস্ক: কড়া নিরাপত্তার মধ্যে কলকাতায় পৌঁছেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। শনিবার ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচ সামনে রেখে কার্লো আনচেলত্তির দলটি ভারতে এসেছে। বিমানবন্দর থেকে হোটেল পর্যন্ত পুরো পথে টিম বাস থেকে ভক্ত-দর্শনার্থীদের দূরে রাখতে পুলিশ মোতায়েন করা হয়।
রাত পৌনে নয়টার দিকে ব্রাজিল দল বিমানবন্দরে অবতরণ করে। দেশের প্রতীকী সবুজ ও হলুদ রঙে সাজানো দুটি বাসে করে দলটি ভিআইপি গেট দিয়ে দ্রুত বিমানবন্দর ছাড়ে। নিরাপত্তা ব্যবস্থা এতটাই কঠোর ছিল যে বিমানবন্দরের আশপাশ বা দলের চলাচলের পথে দর্শকদের দাঁড়ানোর সুযোগ ছিল না।
৯০ জনের দলকে নিয়ে দুটি বাস ও পাঁচটি প্রাইভেট কার ১১ মিনিটের মধ্যে বিমানবন্দর ত্যাগ করে। হোটেলে পৌঁছাতে সময় লাগে মাত্র ৮ মিনিট। টিম হোটেলের পাশেও ছিল কঠোর নিরাপত্তাব্যবস্থা।
হোটেলের ভেতরে কয়েকজন দর্শক খেলোয়াড়দের একনজর দেখার সুযোগ পান। ক্যাপ পরা ভিনিসিয়ুসকে দেখে লবি থেকে ‘ভিনি ভিনি’ স্লোগান ওঠে। খেলোয়াড়দের পরনে ছিল জলপাই সবুজ হুডি, শর্টস ও হলুদ ক্যাপ। ইনজুরির কারণে রাফিনিয়াকে ছাড়াই ব্রাজিল দল ভারতে এসেছে।
শুক্রবার সকালে কোচ কার্লো আনচেলত্তির সংবাদ সম্মেলন করার কথা রয়েছে। সেখানে ব্রাজিলের একজন ফুটবলারও থাকবেন। এরপর বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত যুবভারতীর মূল মাঠে অনুশীলন করবে দলটি। অনুশীলন শেষে হোটেলে ফিরে পরদিনের ম্যাচের প্রস্তুতি নেবেন ভিনিসিয়ুসরা।
পেলের কলকাতা সফরের স্মরণ
কলকাতায় আসার আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বার্তা প্রকাশ করেছে ব্রাজিল। সেখানে ৪৯ বছর আগে পেলের কলকাতা সফর এবং মোহনবাগানের বিপক্ষে ম্যাচের কথা উল্লেখ করা হয়। ব্রাজিলের বার্তা অনুযায়ী, ২৪ সেপ্টেম্বর ১৯৭৭ পেলে নিউ ইয়র্ক কসমসের জার্সি পরে ভারতের মাঠে খেলেছিলেন। মোহনবাগানের বিপক্ষে ওই ম্যাচ ২-২ গোলে শেষ হয় এবং পেলে ৩০ মিনিট খেলেন।
ব্রাজিল আরও জানিয়েছে, সেই প্রদর্শনী ম্যাচটি ছিল এশিয়ায় কসমসের সফরের অংশ। দলটির ভাষ্য, কলকাতা আবারও ব্রাজিলের ফুটবল ইতিহাসের অংশ হতে চলেছে।

