Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

মাটির পাত্রে আধুনিকতার ছোঁয়া, তালায় ফিরছে হারানো পেশা

মাটির পাত্রে আধুনিকতার ছোঁয়া, তালায় ফিরছে হারানো পেশা

অনলাইন ডেস্ক: চুল্লির পাশে সারি করে রাখা হয়েছে মাটির তৈরি থালা। একটু দূরে শুকানো হচ্ছে ফুলের টব ও ফুলদানি। কারখানার ভেতরে একের পর এক মাটির দলা যাচ্ছে মেশিনে, মুহূর্তে বদলে যাচ্ছে সেগুলোর আকৃতি। কোথাও চলছে রঙের কাজ, কোথাও তৈরি পণ্য পোড়ানোর প্রস্তুতি।

সাতক্ষীরার তালা উপজেলার মাঝিয়াড়া গ্রামের একটি কারখানায় এভাবেই ব্যস্ত সময় কাটাচ্ছেন মৃৎশিল্পীরা। একসময় পাল সম্প্রদায়ের পারিবারিক ঐতিহ্য হিসেবে থাকা এই পেশা আধুনিক প্রযুক্তির ব্যবহারে নতুন সম্ভাবনা তৈরি করেছে।

কারখানাটিতে থালা, বাটি, কাপ-পিরিচ, মগ, জগ, বোতল, ফুলদানি, ফুলের টব ও টেরাকোটাসহ বিভিন্ন ধরনের মাটির পণ্য তৈরি হচ্ছে। এসব পণ্যের অনেকগুলো দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হয়। সংশ্লিষ্টদের দাবি, ব্যবসায়ীদের মাধ্যমে কিছু পণ্য বিদেশেও যাচ্ছে।

কারখানায় মাটি মেশিনে ছেঁকে প্রস্তুত করার পর নির্দিষ্ট ছাঁচে বসিয়ে জিগার মেশিনের সাহায্যে পাত্রের আকার দেওয়া হয়। এরপর কয়েক ধাপে শুকানো, রঙ করা ও পোড়ানোর কাজ সম্পন্ন হয়। কারখানায় ছয়টি জিগার মেশিন রয়েছে বলে জানান কারুশিল্পী কামরুল ইসলাম। তিনি তিন বছর ধরে সেখানে কাজ করছেন।

মৃৎশিল্পী নমিতা পাল জানান, আগে মাটি প্রস্তুত করতে অনেক শারীরিক পরিশ্রম হতো। এখন মেশিনের কারণে কাজ সহজ হয়েছে, কম সময়ে বেশি পণ্য তৈরি করা যাচ্ছে এবং পণ্যের ফিনিশিংও ভালো হচ্ছে।

মাটির থালায় রঙের কাজ করা অর্চনা পাল বলেন, অভিজ্ঞদের কাজ দেখে তিনি কাজটি শিখেছেন। তার ভাষ্য, রঙের মিশ্রণে খয়ের, সোডা, রংমাটি ও পানি ব্যবহার করা হয়।

কারখানার বাইরে পণ্য শুকানোর কাজে থাকা ললিতা পাল জানান, তার ঠাকুরদাও মাটির জিনিস তৈরি করতেন। পরিবারের কেউ পরে এই পেশায় না থাকলেও তিনি আবার এতে যুক্ত হয়েছেন।

কারখানায় মাটি ও ইট দিয়ে তৈরি বড় গোলাকার চুল্লিতে একসঙ্গে বিপুল পরিমাণ পণ্য পোড়ানো হয়। সংশ্লিষ্টরা জানান, প্রথমে হালকা আগুন দিয়ে পরে ধীরে ধীরে তাপ বাড়ানো হয়। কারিগরদের ভাষায় প্রাথমিক এই ধাপকে ‘তাওনা’ বলা হয়। পুরো প্রক্রিয়ায় সময় লাগে প্রায় ৯ থেকে ১২ ঘণ্টা।

কারখানায় কাজ করা কয়েকজন নারী শ্রমিক জানান, তাদের অনেকে মাসে প্রায় ছয় হাজার টাকা মজুরি পান। সংসারের ব্যয় মেটাতে এই আয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

কারখানার সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে থাকা চন্দ্র শেখর দাশ বলেন, বাজারের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে উৎপাদন করতে না পারায় একসময় মৃৎশিল্প সংকটে পড়েছিল। আধুনিক মেশিন ও ছাঁচ ব্যবহারে এখন নতুন ধরনের পণ্য তৈরি করা সম্ভব হচ্ছে। তার দাবি, দেশের বিভিন্ন জায়গায় পণ্য সরবরাহের পাশাপাশি ব্যবসায়ীদের মাধ্যমে বিদেশেও রপ্তানি হচ্ছে।

উন্নয়ন প্রচেষ্টার পরিচালক শেখ ইয়াকুব আলী জানান, সাতক্ষীরা, খুলনা ও যশোরের একাংশের প্রায় ৬০০ পালকে সংগঠিত করে আধুনিক পদ্ধতিতে মাটির পণ্য তৈরির প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ২০২১ সালে বিশ্বব্যাংকের একটি প্রকল্পের সহায়তায় কার্যক্রম শুরু হলেও প্রকল্প শেষ হওয়ার পরও কাজ অব্যাহত রয়েছে।

সাতক্ষীরা জেলা প্রশাসক কাউসার আজিজ বলেন, ঐতিহ্যবাহী এই শিল্প টিকিয়ে রাখতে সংশ্লিষ্টদের উদ্যোগ গুরুত্বপূর্ণ। প্রয়োজন হলে প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram