Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

ভাইরাল ভিডিও দেখে তিন মাস পর নিখোঁজ স্ত্রীকে খুঁজে পেলেন স্বামী

ভাইরাল ভিডিও দেখে তিন মাস পর নিখোঁজ স্ত্রীকে খুঁজে পেলেন স্বামী

অনলাইন ডেস্ক: মানিকগঞ্জের সাটুরিয়া থেকে তিন মাস আগে নিখোঁজ হওয়া মানসিকভাবে অসুস্থ এক নারীকে খুঁজে পেয়েছেন তার স্বামী। একই জেলার সিংগাইর উপজেলায় স্ত্রীকে খুঁজে পেয়েছেন ওই ব্যক্তি।

কয়েক দিন আগে সিংগাইরের গোবিন্দল এলাকায় রাস্তার পাশে ওই নারীকে অসহায় অবস্থায় দেখতে পান স্থানীয় কনটেন্ট ক্রিয়েটর রবিউল হক। পরে তিনি নারীর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। ভিডিওটি দেখে স্ত্রীকে শনাক্ত করেন স্বামী। এরপর গত ২৮ সেপ্টেম্বর গোবিন্দল এলাকায় গিয়ে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান তিনি।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন ‘ভয়েস অব রবিউল ভাই’ পেজের কনটেন্ট ক্রিয়েটর রবিউল হক।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন মাস আগে সাটুরিয়া উপজেলার নিজ বাড়ি থেকে নিখোঁজ হন ওই নারী। স্ত্রী নিখোঁজ হওয়ার পর স্বামী আত্মীয়-স্বজনের বাড়ি, রেলস্টেশন, বাস টার্মিনাল ও মাজারসহ বিভিন্ন স্থানে খোঁজ করেন। দীর্ঘদিন সন্ধান না পেয়ে হতাশ হয়ে পড়েন তিনি।

নিখোঁজ ওই নারী নিজের নাম-ঠিকানাও ঠিকমতো বলতে পারছিলেন না। সিংগাইরের গোবিন্দল গ্রামের রাস্তার পাশে তাকে ঘোরাফেরা করতে দেখা যেত। কখনো তিনি মানুষের কাছে খাবার চাইতেন, আবার কখনো রাস্তার পাশেই অবস্থান করতেন।

রবিউল হক জানান, ওই নারীকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার উদ্দেশ্যে তিনি ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর একপর্যায়ে তা নারীর স্বামীর নজরে আসে।

ভিডিও দেখে স্ত্রীকে শনাক্ত করার পর পরিচয় ও অবস্থান নিশ্চিত করে ২৮ সেপ্টেম্বর গোবিন্দল এলাকায় যান স্বামী। সেখানে দীর্ঘ প্রায় তিন মাস পর তিনি স্ত্রীকে খুঁজে পান। স্বামীকে দেখে ওই নারীও তাকে চিনতে পারেন। পরে স্বামী তাকে জড়িয়ে ধরেন।

স্বামী-স্ত্রীর পুনর্মিলনের ওই আবেগঘন ভিডিও ২৯ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। নারীকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়ায় অনেকে কনটেন্ট ক্রিয়েটর রবিউল হকের প্রশংসা করেন।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram