Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

এখন থেকে ‘ডক্টর’ লিওনেল মেসি

এখন থেকে ‘ডক্টর’ লিওনেল মেসি

অনলাইন ডেস্ক: বর্ণাঢ্য ক্যারিয়ারে অর্জনের খাতাটা পরিপূর্ণ লিওনেল মেসির। এবার তার ঝুলিতে যোগ হতে যাচ্ছে আরেক গৌরব। ইউনিভার্সিটি অব বুয়েনস এইরেস (ইউবিএ) তাদের সর্বোচ্চ সম্মানসূচক ডিগ্রি ডক্টরেট উপাধিতে ভূষিত করার সিদ্ধান্ত নিয়েছে আর্জেন্টাইন কিংবদন্তিকে।

আগামী মঙ্গলবার বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ খেলতে নামবেন মেসি। ম্যাচের আগে তাকে এই সম্মাননা দেওয়া হবে বলে জানা গেছে। বিশ্ববিদ্যালয়টির ইতিহাসে এই প্রথম কোনো অ্যাথলেটকে এই বিশেষ উপাধি দেওয়া হচ্ছে।

বুয়েনস এইরেস বিশ্ববিদ্যালয়ের রেক্টর রিকার্ডো গেলপি বলেন, পরিসংখ্যান বা মাঠের পারফরম্যান্সের বাইরেও মেসির ব্যক্তিত্ব তাদের মুগ্ধ করে। তার ভাষ্য, মেসি বিনয়ী ও পরিশ্রমী এবং জনপ্রিয় সংস্কৃতি ও জাতীয় পরিচয়ের উজ্জ্বল প্রতীক।

রেক্টর আরও বলেন, খেলার মাঠের বাইরেও মেসির প্রভাব ও গুরুত্বকে স্বীকৃতি জানাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ক্রীড়াজগতের মাধ্যমে তিনি এমন উচ্চতায় পৌঁছেছেন, যা সমাজের জন্য অনন্য অনুপ্রেরণা।

বিশ্ববিদ্যালয়ের উচ্চ পরিষদ সর্বসম্মতভাবে প্রস্তাবটি অনুমোদন করেছে। আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, মেসির ক্যারিয়ার শ্রেষ্ঠত্ব, বিনম্রতা ও নৈতিকতার অনন্য উদাহরণ। আর্জেন্টিনার জাতীয় দলের প্রতি তার দীর্ঘদিনের দায়বদ্ধতাও বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যগত মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্বের বিভিন্ন নামকরা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান খেলাধুলায় অসাধারণ অবদান এবং সমাজে ইতিবাচক প্রভাব রাখা ব্যক্তিত্বদের এ ধরনের সম্মাননা দিয়ে থাকে। সেই আন্তর্জাতিক ঐতিহ্যের ধারাবাহিকতায় এবার মেসিও এই স্বীকৃতি পেতে যাচ্ছেন।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram