অনলাইন ডেস্ক: টালিউডের জনপ্রিয় অভিনেতা দেব এবং অভিনেত্রী ইধিকা পাল পর্দায় তাদের কেমিস্ট্রি দিয়ে আবারও দর্শকের মন জয় করে নিয়েছেন। মূলত দেব-শুভশ্রী গাঙ্গুলীর আসন্ন সিনেমা ‘দেশু ৭’-এর আইটেম গান ‘ইলিশ চন্দনা’-তে ইধিকার সঙ্গে রোম্যান্সে মেতে উঠতে দেখা গেল ওপার বাংলার এই অভিনেতাকে।
আসন্ন দুর্গাপূজার আবহ বাড়াতে আগেভাগেই গানটি প্রকাশ করেছে দেবের প্রযোজনা প্রতিষ্ঠান ‘দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস’। গানটি প্রকাশের পর ওপার বাংলার দর্শক-শ্রোতাদের মধ্যে উন্মাদনা দেখা গেছে। তাদের একাংশের মত, শুভশ্রীর তুলনায় ইধিকার সঙ্গে দেবকে বেশি মানিয়েছে।
কয়েক দিন ধরে সহ-অভিনেত্রী শুভশ্রীর সঙ্গে দেবের রোম্যান্টিক পোজের ছবি আলোচনায় রয়েছে। এ নিয়ে তাদের পুরোনো প্রেমের প্রসঙ্গও সামনে এসেছে। তবে সমালোচকদের ধারণা, সিনেমার প্রচারের স্বার্থেই শুভশ্রীর সঙ্গে পর্দায় তোলা ঘনিষ্ঠ ছবিগুলো আগে প্রকাশ করছেন দেব।
‘ইলিশ চন্দনা’ প্রসঙ্গে প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, আসন্ন দুর্গাপূজা মাতাতে বিশেষ উৎসবের গান হিসেবে এটি প্রকাশ করা হয়েছে।
গানের দৃশ্যে ইধিকার সঙ্গে দেবের কয়েকটি রোম্যান্টিক পোজের ছবিও সামাজিক মাধ্যমে প্রকাশ করা হয়েছে। গানে দেব ও ইধিকার পাশাপাশি টলিউড অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যও নজর কেড়েছেন। গঙ্গাবক্ষে ধারণ করা গানটি ইতোমধ্যে সাড়া ফেলেছে।
এর আগে দেবের সিনেমা ‘খাদান’-এর ‘কিশোরী’ গানে দেব ও ইধিকার নাচ দর্শকদের নজর কেড়েছিল। এবার ‘দেশু ৭’-এর ‘ইলিশ চন্দনা’য় আবারও একসঙ্গে দেখা যাবে তাদের।

