অনলাইন ডেস্ক: তুরস্কের বিপক্ষে ৭৮ মিনিট খেলেছিলেন মাইকেল ওলিসে। একটি শট গোলপোস্টের বাইরে দিয়ে মেরেছিলেন, আরেকটি প্রতিহত করেছিলেন গোলকিপার। কিলিয়ান এমবাপেকে দিয়ে দলের একমাত্র গোলটিও করান। বেলজিয়ামের বিপক্ষে তাকে বেঞ্চে রাখা হয়েছিল। এদিন শেষ ১৩ মিনিট খেললেন বায়ার্ন মিউনিখ তারকা। অল্প সময় পেলেও দলকে জেতালেন তিনি।
ফ্রান্সের ১১ নম্বর জার্সিধারী ওলিসে ফাস্ট ব্রেক থেকে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে দলের একমাত্র গোল করেন। প্রতিপক্ষের আক্রমণ প্রতিহত করে পাওয়া বল কাঁধ দিয়ে নিয়ন্ত্রণে নেওয়ার পর ডানপ্রান্ত দিয়ে এগিয়ে যান তিনি। তাকে আটকাতে বেলজিয়ামের ম্যাক্সিম দে কুইপার চেষ্টা করেও সফল হননি। পরে নিচু শটে গোল করেন ওলিসে।
৭৭ মিনিটে বদলি হিসেবে মাঠে নামার ১১ মিনিট পর গোলটি করেন তিনি। চলতি মৌসুমে বায়ার্নে চার লিগ ম্যাচে চার গোল করা এই ফরোয়ার্ড জিদানের অধীনে প্রথমবার জালের দেখা পেলেন। গোলের পর নতুন কোচের প্রশংসাও পান তিনি।
ওলিসের প্রশংসায় জিদান
জিদান বলেন, ওলিসেকে একজন ডিফেন্ডারকে ড্রিবল করে এগিয়ে যেতে দেখে তাঁর মনে হয়েছিল, গোলটি হবেই। তিনি ওলিসেকে অসাধারণ প্রতিভা হিসেবে উল্লেখ করে বলেন, এ ধরনের খেলোয়াড় তাঁর পছন্দ।
ফরাসি সংবাদমাধ্যম ফুট মার্কাটোকে জিদান আরও বলেন, ওলিসে খেললে ভক্তদের বিনোদন দিতে চান। একই সঙ্গে খেলাটির প্রতি তাঁর ভালো বোধ আছে, প্রতিপক্ষের গতিবিধি আগে থেকে অনুমান করতে পারেন এবং কখন আক্রমণ বা রক্ষণে যেতে হবে, সেটিও বোঝেন।
এই জয়ে ফ্রান্স ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে। মার্ক ফন বোমেলের বেলজিয়াম প্রথমবার হেরেছে। ৩ পয়েন্ট নিয়ে তারা তৃতীয় স্থানে। সমান পয়েন্ট নিয়ে গোলব্যবধানে এগিয়ে ইতালি দ্বিতীয়।

