Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

অপরিচ্ছন্ন ক্যাম্পাসে ডেঙ্গুর ঝুঁকিতে ঢাকার স্কুল-কলেজের শিক্ষার্থীরা

অপরিচ্ছন্ন ক্যাম্পাসে ডেঙ্গুর ঝুঁকিতে ঢাকার স্কুল-কলেজের শিক্ষার্থীরা

অনলাইন ডেস্ক: রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অপরিচ্ছন্ন ক্যাম্পাস, বেহাল ড্রেনেজ ব্যবস্থা ও জমে থাকা পানিতে এডিস মশার প্রজননের ঝুঁকি তৈরি হচ্ছে। বর্ষা ও বর্ষা-পরবর্তী সময়ে স্কুল-কলেজের ছাদ, মাঠ, ড্রেন, পরিত্যক্ত স্থান ও আশপাশের এলাকায় জমে থাকা অল্প পানি এই ঝুঁকি আরও বাড়াচ্ছে। সরকারি নির্দেশনা ও বিভিন্ন উদ্যোগ থাকলেও নিয়মিত পরিচ্ছন্নতা, পানি নিষ্কাশন এবং মাঠপর্যায়ের নজরদারিতে ঘাটতির কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন অংশে এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল তৈরি হচ্ছে।

রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের এলাকা ঘুরে কোথাও বৃষ্টির পানি জমে থাকা, কোথাও আবর্জনায় ড্রেনের মুখ আটকে থাকার চিত্র দেখা গেছে। পরিত্যক্ত পাত্র, প্লাস্টিকের বোতল, ভাঙা বালতি, ফুলের টব ও নির্মাণসামগ্রীর ফাঁকেও পানি জমে থাকতে দেখা যায়। অনেক প্রতিষ্ঠানের মূল ভবন ও প্রবেশপথ পরিষ্কার থাকলেও পেছনের অংশ, সিঁড়ির নিচে, পুরোনো ভবনের আশপাশ, ক্যান্টিনের পেছন ও দীর্ঘদিন অব্যবহৃত জায়গায় পরিচ্ছন্নতার ঘাটতি রয়েছে।

পুরোনো শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সমস্যা আরও প্রকট বলে দেখা গেছে। পুরোনো ভবন, স্যাঁতস্যাঁতে পরিবেশ, অপর্যাপ্ত পানি নিষ্কাশন ব্যবস্থা এবং দুর্বল ড্রেনেজ অবকাঠামোর কারণে বৃষ্টির পানি দীর্ঘ সময় আটকে থাকছে। এসব স্থান এডিস মশার প্রজননের সম্ভাব্য উৎস হয়ে উঠতে পারে।

ঢাকা কলেজেও মশার উপদ্রবের অভিযোগ

ঢাকা কলেজের ক্যাম্পাস ও আশপাশের আবাসিক এলাকাতেও ময়লা-আবর্জনা, জমে থাকা পানি ও ধীরগতির নোংরা পানি প্রবাহের চিত্র দেখা গেছে। শিক্ষার্থীদের অভিযোগ, দিনের বেলাতেও এসব এলাকায় মশার উপদ্রব থাকে এবং সন্ধ্যার পর তা আরও বেড়ে যায়।

উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী নাবিল আহমেদ বলেন, সকালে ক্লাসে বসেও অনেক সময় মশার কামড় খেতে হয়। বাইরে থেকে ক্যাম্পাস পরিষ্কার মনে হলেও ভেতরের কিছু জায়গায় মশার উপদ্রব বেশি থাকায় ডেঙ্গুর সময় শিক্ষার্থীদের মধ্যে ভয় কাজ করে। আবাসিক শিক্ষার্থী মইনুল ইসলামও নিয়মিত ময়লা পরিষ্কার ও ড্রেন ঠিক রাখার দাবি জানান।

রাজধানীর গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলের আশপাশের কয়েকটি স্থানেও পানি জমে থাকতে দেখা গেছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা পর্যাপ্ত না হওয়া এবং আবর্জনার কারণে শিক্ষার্থীদের যাতায়াতের জায়গার কাছাকাছি পানি চলাচলে বাধা তৈরি হচ্ছে বলে অভিভাবকদের মধ্যে উদ্বেগ রয়েছে।

‘ক্লিন স্কুল টিম’ গঠনের নির্দেশ

ডেঙ্গু প্রতিরোধে রাজধানী ঢাকাসহ সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম জোরদার করেছে সরকার। ঢাকা জেলা প্রশাসনের নির্দেশনায় প্রতিষ্ঠানপ্রধানকে সভাপতি করে ‘ক্লিন স্কুল টিম’ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে একজন অভিভাবক প্রতিনিধি, সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীত একজন প্রতিনিধি, দুজন শিক্ষার্থী এবং প্রতিষ্ঠানপ্রধান মনোনীত একজন শিক্ষক সদস্যসচিব হিসেবে থাকবেন।

শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে ডেঙ্গু প্রতিরোধে সভা, সেমিনার ও প্রচারণা চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। তবে শিক্ষার্থীদের দিয়ে ঝুঁকিপূর্ণ, বিষাক্ত বা অস্বাস্থ্যকর বর্জ্য পরিষ্কার করানো যাবে না। কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রতি শনিবার ডেঙ্গু মশা নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর।

ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানম বলেছেন, শিক্ষার্থীদের সম্পৃক্ত করে গড়ে তোলা ‘ক্লিন স্কুল টিম’ ডেঙ্গু প্রতিরোধে দীর্ঘমেয়াদি সচেতনতা তৈরিতে ভূমিকা রাখতে পারে। তিনি জানান, শিক্ষার্থীরা ঝুঁকিপূর্ণ স্থানে কাজ করবে না; শিক্ষক ও দায়িত্বশীল ব্যক্তিদের তত্ত্বাবধানে নিরাপদভাবে কার্যক্রম পরিচালনা করা হবে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার ও নিয়মিত নজরদারির জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। ক্যাম্পাস, শ্রেণিকক্ষ ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও পানি জমে এডিস মশার প্রজননের সুযোগ তৈরি হচ্ছে কি না, তা পর্যবেক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

বহুতল ভবনে বেশি লার্ভা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাম্প্রতিক জরিপে বিভিন্ন প্রজননস্থলের মধ্যে বহুতল ভবনে সবচেয়ে বেশি, ৩৫ দশমিক ২৩ শতাংশ লার্ভা পাওয়া গেছে। এরপর রয়েছে একক বাড়ি ও নির্মাণাধীন ভবন। মেঝেতে জমে থাকা পানিতে ১২ দশমিক ২৬ শতাংশ, বালতিতে ১০ দশমিক ৩৪ শতাংশ এবং প্লাস্টিকের ড্রামে ৮ দশমিক ৮৯ শতাংশ লার্ভা পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৫ হাজার ৭৩০ জন এবং মারা গেছেন ২৩৩ জন।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram