Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

অটোরিকশা-বাস শ্রমিক দ্বন্দ্ব: নওগাঁয় দুইদিন পর বাস চলাচল স্বাভাবিক

অটোরিকশা-বাস শ্রমিক দ্বন্দ্ব: নওগাঁয় দুইদিন পর বাস চলাচল স্বাভাবিক

অনলাইন ডেস্ক: নওগাঁয় বাসচালক ও সুপারভাইজারকে মারধরের জেরে দুইদিন বন্ধ থাকার পর জেলার অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল থেকে কয়েক দফা আলোচনার পর রাত সাড়ে ১০টার দিকে বাস চলাচল শুরু হয়।

বাস চলাচল স্বাভাবিক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

এর আগে, শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে নওগাঁ শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে যাত্রী ওঠানোকে কেন্দ্র করে সিএনজিচালিত অটোরিকশার চালক ও বাস শ্রমিকদের মধ্যে বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জেরে পত্নীতলা উপজেলার নজিপুর বাসস্ট্যান্ডে বাসচালক রুবেল হোসেন ও এক সুপারভাইজারকে সিএনজিচালকরা মারধর করেন বলে জানানো হয়েছে।

গুরুতর আহত রুবেল হোসেনকে প্রথমে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে নওগাঁ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার বিচার এবং মহাসড়কে অবৈধ অটোরিকশার দৌরাত্ম্য বন্ধের দাবিতে রোববার সকাল থেকে ধর্মঘটের ডাক দেন বাস শ্রমিকরা।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, বাস চলাচল বন্ধ হওয়ার পর শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা করা হয়। বাসচালককে মারধরের ঘটনায় নওগাঁ সদর থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি জানান, সোমবার কয়েক দফা আলোচনার পর পুলিশের আশ্বাসে শ্রমিক নেতারা বাস চলাচল স্বাভাবিক করেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram