অনলাইন ডেস্ক: কিশোর গ্যাংবিরোধী চলমান অভিযানে কেউ চাপ দিলে তার নাম প্রকাশ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমির হলরুমে ‘আমার কুমিল্লা’ মোবাইল অ্যাপ উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
পুলিশ সুপার বলেন, চলমান কিশোর গ্যাংবিরোধী অভিযানে এখন পর্যন্ত কেউ তাকে ফোন করে চাপ দেননি; বরং সবাই এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। কেউ চাপ দিলে সাংবাদিকদের সামনে তার নাম প্রকাশ করা হবে বলেও জানান তিনি।
এক সাংবাদিক অভিযানে নিরপরাধ কাউকে হয়রানি এবং আটকের পর পুলিশের কোনো কোনো সদস্যের টাকা নেওয়ার অভিযোগ তোলেন। জবাবে মো. আনিসুজ্জামান বলেন, এমন ঘটনা ঘটলে এর প্রমাণ দিলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাকে তাৎক্ষণিক সাময়িক বরখাস্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি।
পুলিশ সুপার দাবি করেন, অপরাধের সঙ্গে জড়িত নয়—এমন শিক্ষার্থী বা কিশোরদের যাচাই-বাছাই করে অভিভাবকের জিম্মায় দেওয়া হচ্ছে। পাশাপাশি অভিভাবকদের সন্ধ্যার পর সন্তানদের বাইরে না রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।
মো. আনিসুজ্জামান বলেন, কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।
কুমিল্লা সিটি করপোরেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে নাগরিক সেবা সহজ করা, অভিযোগের দ্রুত নিষ্পত্তি এবং সেবায় জবাবদিহি বাড়ানোর লক্ষ্যে ‘আমার কুমিল্লা’ অ্যাপটি চালু করা হয়। অনুষ্ঠানে কুমিল্লার জেলা প্রশাসক রোজী আকতার, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপুসহ অন্যরা উপস্থিত ছিলেন।

