Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

মেহেরপুরে বাড়ছে অ্যানথ্রাক্স, প্রতিরোধে মাঠে আইইডিসিআর

মেহেরপুরে বাড়ছে অ্যানথ্রাক্স, প্রতিরোধে মাঠে আইইডিসিআর

অনলাইন ডেস্ক: মেহেরপুরে দিন দিন বাড়ছে অ্যানথ্রাক্স আক্রান্ত মানুষের সংখ্যা। প্রথমে গবাদিপশু আক্রান্ত হচ্ছে, পরে আক্রান্ত পশু জবাই, মাংস কাটা, পরিষ্কার কিংবা রান্নার সময় সংস্পর্শে এসে নারী, পুরুষ ও শিশুরা অ্যানথ্রাক্সে আক্রান্ত হচ্ছেন। ফলে জেলার গাংনী উপজেলায় অ্যানথ্রাক্স আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ২০০৭ সালে মেহেরপুরে প্রথম অ্যানথ্রাক্স রোগী শনাক্ত হয়। গত প্রায় দুই দশকে গাংনী উপজেলার বিভিন্ন গ্রামে প্রায় ৭ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত এ রোগে মৃত্যুর ঘটনা ঘটেনি।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ৬৩৭ জন আক্রান্ত হন। চলতি ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৪৬২ জন বলে জানা গেছে। আক্রান্তদের সবাই গাংনী উপজেলার বাসিন্দা। পাশাপাশি দুই শতাধিক গবাদিপশু সংক্রমণের ঝুঁকিতে রয়েছে বলে সংশ্লিষ্টদের আশঙ্কা।

চলতি বছরের গত চার মাসে অ্যানথ্রাক্স সন্দেহে ৫৫ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)-এ পাঠানো হয়। এর মধ্যে ৪৫ জনের শরীরে অ্যানথ্রাক্সের জীবাণু শনাক্ত হয়েছে।

আক্রান্তদের অনেকের শরীরে প্রথমে জ্বালাপোড়া ও ফোস্কা দেখা দিচ্ছে। পরে কালচে বা দগদগে ক্ষত তৈরি হচ্ছে। মাংস নাড়াচাড়া করে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন গাংনীর বাউট গ্রামের রবিউল ইসলাম, দেবীপুর গ্রামের সাথি খাতুন ও আসমা আক্তারসহ কয়েকজন।

সীমান্তবর্তী এলাকায় বেশি সংক্রমণ

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, গাংনীর সীমান্তবর্তী গ্রামগুলোতে অ্যানথ্রাক্সের প্রাদুর্ভাব তুলনামূলক বেশি। বাউট, কাজিপুর, মটমুড়া, সাহারবাটি, বামন্দী, দেবীপুর, তেরাইল, দুর্লভপুর, সাহেবপুর, ছাতিয়ান ও রায়পুর ইউনিয়নের বিভিন্ন গ্রামেও সংক্রমণ দেখা যাচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, সীমান্ত রক্ষীদের চোখ ফাঁকি দিয়ে ভারত থেকে রাতের আঁধারে কম দামে গবাদিপশু আনা হয়। এসব পশুর কোনোটি অসুস্থ বা আক্রান্ত থাকলেও জবাই করে মাংস বিক্রি করা হয়। তবে এই অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা একরামুল হক বলেন, প্রাথমিকভাবে মেহেরপুর জেলায় স্কিন অ্যানথ্রাক্স শনাক্ত হয়েছে। সন্দেহভাজন রোগীদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে এবং আক্রান্তদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

অ্যানথ্রাক্সের বিস্তার ঠেকাতে গাংনীতে আইইডিসিআরের একটি দল কাজ করছে। দলটির নেতৃত্ব দিচ্ছেন ডা. আরিফ। তার সঙ্গে টেকনিশিয়ান আব্দুল গাফফারসহ আরও দুই সদস্য রয়েছেন।

গাংনী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আরিফুল ইসলাম বলেন, বিশেষ ব্যবস্থায় ভ্যাকসিনেশন কার্যক্রম চলমান রয়েছে। ইতোমধ্যে প্রায় ৩০ হাজার পশুকে ভ্যাকসিন দেওয়া হয়েছে।

মেহেরপুরের সিভিল সার্জন আবু সাঈদ বলেন, সংক্রমণের ঝুঁকি ও প্রতিরোধের বিষয়ে মানুষকে সচেতন করতে জেলা স্বাস্থ্য বিভাগ উদ্যোগ নিয়েছে। মাংস কাটার সময় গ্লাভস ব্যবহার এবং শরীরে অস্বাভাবিক ফোস্কা বা ক্ষত দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram