অনলাইন ডেস্ক: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিধানসহ সংবিধানের আরও দুটি অনুচ্ছেদ সংশোধনের ক্ষেত্রে গণভোটের বিধান রাখার প্রস্তাব দিয়েছিল বিএনপি বলে জানিয়েছেন সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার (২৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ কমিটির তৃতীয় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, ভবিষ্যতে কোনো সংসদ যাতে এসব বিধান সংশোধন করতে না পারে, সে জন্য সংশ্লিষ্ট অনুচ্ছেদগুলো গণভোটের আওতায় আনার প্রস্তাব দেওয়া হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি নিয়ে ঐকমত্য হওয়ায় এটি রাখা হবে বলেও জানান তিনি।
তিনি জানান, সংবিধান সংশোধনী বিল সংসদে পাস হওয়ার পর যেসব অনুচ্ছেদের ক্ষেত্রে গণভোটের প্রয়োজন হবে, রাষ্ট্রপতির স্বাক্ষরের আগে সেগুলোতে গণভোট হবে।
সভায় জাতীয় দৈনিকগুলোর সম্পাদক, বিভিন্ন সাংবাদিক ফোরামের প্রতিনিধি ও বিশিষ্ট সাংবাদিকেরা অংশ নেন। তারা সংবিধানের প্রস্তাবনা, বিভিন্ন অনুচ্ছেদ ও তফসিল নিয়ে মতামত ও প্রস্তাব দেন। অংশগ্রহণকারীদের অনেকেই লিখিত প্রস্তাব দেওয়ার কথা জানিয়েছেন। এসব মতামত কমিটিতে আলোচনা করে চূড়ান্ত প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হবে বলে জানান কমিটির সভাপতি।
বিরোধী দলকে কমিটির আলোচনায় যোগ দেওয়ার আহ্বান জানিয়ে সালাহউদ্দিন বলেন, তারা যোগ দিলে স্বাগত জানানো হবে এবং তাদের বক্তব্যের মধ্যে গ্রহণযোগ্য বিষয়গুলো সবার মতামতের ভিত্তিতে বিবেচনা করা হবে। তিনি বলেন, বিভক্তি নয়, ঐকমত্যের ভিত্তিতে কাজ করতে চায় কমিটি।
জুলাই জাতীয় সনদকে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, নির্বাচনী ইশতেহারে উল্লেখ করা বিষয়গুলোও ধারণ করা হবে।
বিশেষ কমিটির প্রতিবেদন ডিসেম্বরের মধ্যে সংসদে উপস্থাপনের চেষ্টা চলছে বলেও জানান সালাহউদ্দিন আহমদ। তাঁর ভাষ্য, প্রতিবেদনের ভিত্তিতে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় একটি বিল আনবে এবং বছরের প্রথম অধিবেশন জানুয়ারি সেশনে বিলটি আসতে পারে।

