অনলাইন ডেস্ক: মেডিকেল ভিসায় ভারতে যাওয়ার সময় চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট থেকে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। রোববার (২৭ সেপ্টেম্বর) ইমিগ্রেশন কার্যক্রমের সময় তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নাসিমুল ইসলাম রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ভগবন্তপুর গ্রামের আব্দুল হাইয়ের ছেলে। তিনি গোদাগাড়ী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
দর্শনা ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা যায়, চিকিৎসার জন্য মেডিকেল ভিসায় ভারতে যেতে চেকপোস্টে আসেন নাসিমুল ইসলাম। তার পাসপোর্ট, ভিসা ও অন্যান্য তথ্য যাচাইয়ের সময় গোদাগাড়ী মডেল থানায় তার বিরুদ্ধে মামলা থাকার তথ্য পাওয়া যায়। পরে সংশ্লিষ্ট থানার সঙ্গে তথ্য যাচাই করে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৬ ডিসেম্বর গোদাগাড়ী মডেল থানায় নাসিমুল ইসলামের বিরুদ্ধে একটি মামলা করা হয়। মামলায় দণ্ডবিধির বিভিন্ন ধারার পাশাপাশি হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্যসংক্রান্ত অভিযোগ রয়েছে।
দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) তুহিন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তথ্য যাচাইয়ের সময় আইনগত জটিলতার বিষয়টি সামনে আসার পর সংশ্লিষ্ট থানার সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত হয়ে নাসিমুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

