অনলাইন ডেস্ক: সবশেষ বিশ্বকাপে ইংল্যান্ড ও ক্রোয়েশিয়ার সঙ্গে খেলা পানামা ভারতে এসেছিল প্রীতি ম্যাচ খেলতে। র্যাঙ্কিংয়ে প্রায় একশ ধাপ নিচে থাকা ভারতের বিপক্ষে পানামা গোলবন্যা ছড়াবে বলে প্রত্যাশা করা হলেও ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।
প্রত্যাশিত জয় না পাওয়ার পর বেঙ্গালুরুর তীব্র যানজট ও ক্লান্তিকর ভ্রমণ ব্যবস্থাপনাকে দায়ী করেছেন পানামার প্রধান কোচ থমাস ক্রিস্টিয়ানসেন।
ম্যাচের আগে যানজটের কারণে পানামা দলকে বাসে করে প্রায় দুই ঘণ্টা স্টেডিয়ামে যেতে হয়েছে। ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে মাঠের বাইরের আয়োজন ও যাতায়াত নিয়ে অসন্তোষ জানান কোচ।
ক্রিস্টিয়ানসেন বলেন, যানজটের মধ্যে দুই ঘণ্টা বাসে করে স্টেডিয়ামে পৌঁছানো সহজ নয়। তাঁর দাবি, ভারতে আসার আয়োজন ও যাতায়াতও বেশ জটিল ছিল। ভবিষ্যতে এ ধরনের চুক্তিতে সই করার সময় আরও বিচক্ষণ হওয়ার প্রয়োজন রয়েছে বলেও জানান তিনি।
পানামা কোচ আরও বলেন, বিষয়টিকে অজুহাত হিসেবে দেখাতে চান না। তবে মাঠের ভেতরে ও বাইরে পরিস্থিতি সামলানোর ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন, কারণ তাঁর খেলোয়াড়েরা আরও ভালো কিছু পাওয়ার যোগ্য।
আগামী ৩ অক্টোবর কলকাতায় ভারত ও ব্রাজিলের ম্যাচ হওয়ার কথা রয়েছে। ব্রাজিল যেন কোনো ধরনের ভোগান্তির শিকার না হয়, সে বিষয়ে আয়োজকেরা আগেভাগে বিশেষ পরিকল্পনা করবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

