অনলাইন ডেস্ক: সিরাজগঞ্জের কামারখন্দের প্রত্যন্ত গ্রামের একটি বিদ্যালয়ে পড়াশোনা শুরু করে স্বপ্ন, কঠোর পরিশ্রম ও মেধার জোরে একের পর এক সাফল্য পেয়েছেন মো. রাশেদুল ইসলাম (রাশেদ)। এবার তার সেই পথচলায় যুক্ত হয়েছে আন্তর্জাতিক স্বীকৃতি। জাতিসংঘের বিশেষায়িত সংস্থা ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন (ডব্লিউআইপিও)-এর মর্যাদাপূর্ণ উচ্চশিক্ষার বৃত্তি পেয়েছেন সিরাজগঞ্জের এই কৃতি সন্তান।
রাশেদুল ইসলাম কামারখন্দ উপজেলার পাইকশা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি স্থানীয় কোনাবাড়ী ইসহাক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী। তার এই অর্জনে পরিবার, শিক্ষক ও এলাকাবাসী গর্বিত।
বিশ্বব্যাপী উদ্ভাবন, মেধাসম্পদ আইন ও প্রযুক্তি সংরক্ষণ বিষয়ে উচ্চতর জ্ঞান ও গবেষণার সুযোগ তৈরির জন্য উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে বৃত্তিটি দেওয়া হয়। কঠোর মেধা যাচাই, একাধিক ধাপের বাছাই এবং বিদেশি ভাষায় দক্ষতা প্রমাণের দীর্ঘ প্রক্রিয়া পেরিয়ে এ সুযোগ পেয়েছেন রাশেদুল।
কোনাবাড়ী ইসহাক উচ্চ বিদ্যালয় থেকে প্রথমবারের মতো জিপিএ-৫ পেয়ে এসএসসি পাস করেন তিনি। পরে সরকারি বিজ্ঞান কলেজ থেকে জিপিএ-৫ পেয়ে এইচএসসি সম্পন্ন করেন। ভর্তি পরীক্ষায় রংপুর মেডিকেল কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্মেসি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে পড়ার সুযোগ পেলেও ওষুধ বিজ্ঞানের প্রতি আগ্রহ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগে ভর্তি হন। সেখান থেকেই উচ্চশিক্ষা সম্পন্ন করেন।
শিক্ষাজীবনে স্কয়ার ও ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসে কাজের অভিজ্ঞতা অর্জন করেন রাশেদুল। পরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন ওষুধ প্রশাসন অধিদপ্তরে দায়িত্ব পালন করেন। পাশাপাশি মন্ত্রণালয়ের ফার্মাসিস্ট লাইসেন্সিং কোর্সে পাঠদান এবং বিভিন্ন জনস্বাস্থ্যবিষয়ক প্রকল্পে প্রশিক্ষক হিসেবেও কাজ করেছেন। বর্তমানে তিনি শিল্প মন্ত্রণালয়ে কর্মরত।
নিজের অর্জন সম্পর্কে রাশেদুল ইসলাম বলেন, মহান আল্লাহর রহমত এবং পিতা-মাতা, শিক্ষক, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের দোয়ায় তিনি এই স্কলারশিপ অর্জন করতে পেরেছেন। উচ্চশিক্ষা সফলভাবে শেষ করে দেশের মেধাসম্পদ সংরক্ষণ ও প্রযুক্তির সঠিক বিকাশে অবদান রাখাই তার মূল লক্ষ্য।
জানা গেছে, সুইজারল্যান্ডভিত্তিক বিশ্ব মেধাসম্পদ সংস্থার একাডেমির নির্ধারিত বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণের জন্য শিগগিরই দেশ ছাড়বেন রাশেদুল ইসলাম।
রাশেদুলের পরিবারের অন্য সদস্যরাও শিক্ষাজীবনে সাফল্য পেয়েছেন। তার দুই ভাই ও এক বোন কোনাবাড়ী ইসহাক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী। তাদের মধ্যে এক ভাই ডা. মো. আশরাফুল ইসলাম এবং অপর ভাই মো. রেজাউল করিম রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করেছেন।

