অনলাইন ডেস্ক: চলতি বছরের (২০২৬ সাল) ৯ মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯০১ জন রোগী রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৮০২ জন চিকিৎসা নিয়ে ছাড়পত্র পেয়েছেন। সর্বশেষ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ১৩ জন। বর্তমানে হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন ৮৬ জন রোগী।
হাসপাতালের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ভর্তি রোগীদের মধ্যে ৮৩৩ জন প্রাপ্তবয়স্ক এবং ৬৮ জন শিশু। প্রাপ্তবয়স্কদের মধ্যে পুরুষ ৬১০ জন ও নারী ২২৩ জন। অর্থাৎ প্রাপ্তবয়স্ক রোগীদের প্রায় ৭৩ শতাংশ পুরুষ।
আগস্টে রোগী বেড়েছে
আগস্টের শুরুতে রামেক হাসপাতালে ডেঙ্গুতে চিকিৎসাধীন রোগী ছিলেন ৮ জন। ৩০ আগস্ট এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৫০ জনে। ওই মাসে নতুন করে ২২১ জন ভর্তি হন, ছাড়পত্র পান ১৭৬ জন এবং দুজনের মৃত্যু হয়।
রাজশাহী বিভাগের স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুযায়ী, আগস্টে বিভাগের আট জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সেবা নেওয়া রোগীর সংখ্যা ছিল চাঁপাইনবাবগঞ্জে ৬৪৩, সিরাজগঞ্জে ৩৬৩, বগুড়ায় ১৬৫, নওগাঁয় ৪১, নাটোরে ৫৬, পাবনায় ৪২, রাজশাহীতে ২৫ ও জয়পুরহাটে ৪ জন। একই সময়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ২২৮, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ৮৮ এবং সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ২১৯ জন চিকিৎসা নেন।
এক সপ্তাহে ভর্তি ১৯৭, মৃত্যু পাঁচ
১৯ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত এক সপ্তাহে রামেক হাসপাতালে ডেঙ্গুতে ১৯৭ জন ভর্তি হন এবং ১৯৩ জন ছাড়পত্র পান। এ সময়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। ২৫ সেপ্টেম্বর হাসপাতালে নতুন করে ২৫ জন ভর্তি হন এবং ৪০ জন সুস্থ হয়ে ছাড়পত্র পান।
রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ বলেন, নাসরিনের মৃত্যুর কারণ ডেঙ্গু শক সিন্ড্রোম। তাঁর তথ্য অনুযায়ী, ২৫ সেপ্টেম্বর হাসপাতালে ৮৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন ছিলেন।

