Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

দুর্দশা কাটেনি ইতালির, বেলজিয়ামের কাছে ২-০ গোলে হার

দুর্দশা কাটেনি ইতালির, বেলজিয়ামের কাছে ২-০ গোলে হার

অনলাইন ডেস্ক: টানা তৃতীয় বিশ্বকাপে উঠতে ব্যর্থ হওয়ার ছয় মাস পর উয়েফা নেশন্স লিগে নেমেও দুর্দশা কাটাতে পারেনি ইতালি। কোচ রবার্তো মানচিনির দ্বিতীয় মেয়াদের শুরুতে ফিনিশিং ব্যর্থতায় বেলজিয়ামের কাছে ২-০ গোলে হেরেছে তারা। অন্যদিকে, নতুন কোচ মার্ক ফন বোমেলের অধীনে জয় দিয়ে অভিযান শুরু করেছে বেলজিয়াম।

গত মার্চে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার কাছে প্লে-অফে হেরে দুই আসর পর বিশ্বকাপে ফেরার স্বপ্ন শেষ হয় ইতালির। এরপর ঘরের মাঠ রোমের অলিম্পিকো স্টেডিয়ামেও হতাশ হতে হয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের। দুই অর্ধে ইতালির জালে গোল করেন বেলজিয়ামের মিকা গটস ও দোদি লুকেবাকিও।

ম্যাচ শেষে ইতালিয়ান ফুটবলাররা মাঠ ছাড়ার সময় স্বাগতিক সমর্থকদের দুয়োধ্বনি শুনতে হয়। এ বিষয়ে কোচ মানচিনি বলেন, “আমরা হারলে কেউ খুশি হয় না। যখন আপনি হারবেন আপনাকে দুয়োধ্বনি শুনতে হতে পারে।”

দ্বিতীয়ার্ধে ইতালি ভালো প্রতিক্রিয়া দেখালেও গোলের দেখা পায়নি। ম্যাচে প্রায় ৫৫ শতাংশ বল দখলে রেখে ২১টি শট নেয় তারা, যার ছয়টি ছিল লক্ষ্যে। বেলজিয়ামের ১৯ শটের আটটি লক্ষ্যে ছিল।

২০ মিনিটে একজন খেলোয়াড়কে কাটিয়ে ডি-বক্সে ঢুকে জোরালো শটে বেলজিয়ামকে এগিয়ে দেন মিকা গটস। জাতীয় দলের হয়ে তৃতীয় ম্যাচ খেলতে নেমে এটি ছিল তার প্রথম গোল। এরপর ডে কেটলার, নিকোলাস রাসকিন ও গটসের আরও কয়েকটি প্রচেষ্টা ঠেকান ইতালির গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুমা।

দ্বিতীয়ার্ধের শুরুতে ইতালি কয়েকটি আক্রমণ করলেও বেলজিয়ামের গোলরক্ষক সেনে লেমেন্সকে খুব বেশি পরীক্ষায় ফেলতে পারেনি। ৪৭ মিনিটে ইতালির একটি কোনাকুনি শট পা দিয়ে আটকান লেমেন্স। পরে একটি হেড লক্ষ্যভ্রষ্ট হয় এবং ফ্রান্সেসকো এসপোসিতোর হেডও বাধাপ্রাপ্ত হয়।

আক্রমণে ব্যস্ত থাকা ইতালি ৬৯ মিনিটে দ্বিতীয় গোল হজম করে। বদলি হিসেবে নামা দোদি লুকেবাকিও ২৫ গজ দূর থেকে জোরালো শটে বেলজিয়ামের ব্যবধান দ্বিগুণ করেন। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বেলজিয়াম।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram