অনলাইন ডেস্ক: ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের কর্মকাণ্ড নিয়ে ক্রীড়াঙ্গনেও সমালোচনা ও প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। এরই মধ্যে আয়ারল্যান্ডের সঙ্গে দেশটির টানাপোড়েনের প্রেক্ষাপটে উয়েফা নেশন্স লিগের ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে গোল উদযাপনের সময় গুলি করার ভঙ্গি দেখান ইসরায়েলের ফুটবলার সায়েদ আবু ফারখি। পরে তাকে লাল কার্ড দেখান ম্যাচ রেফারি।
৫৫ মিনিটে গোল করে ইসরায়েলকে সমতায় ফেরানোর পর সতীর্থদের সঙ্গে হাত মেলান ফারখি। এরপর কর্নার ফ্ল্যাগের কাছে গিয়ে এক পা মাটিতে রেখে গুলি করার ভঙ্গিতে উদযাপন করেন তিনি।
কিছুক্ষণ পর রেফারির সিদ্ধান্ত বুঝতে পেরে ফারখি অবিশ্বাস প্রকাশ করে প্রতিবাদ জানান। তবে এতে সিদ্ধান্ত বদলায়নি। রেফারি তাকে দ্বিতীয় হলুদ কার্ড দেখানোর পর লাল কার্ড দিয়ে মাঠ ছাড়ার নির্দেশ দেন।
ঘটনার চার মিনিট আগে প্রথম হলুদ কার্ড পেয়েছিলেন ইসরায়েলের এই ফরোয়ার্ড। ফারখি মাঠ ছাড়ার পর ইসরায়েল ১০ জনের দলে পরিণত হয়।
ম্যাচে অস্ট্রিয়ার হয়ে ৪৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন রোমানো স্মিড। অন্যদিকে আয়ারল্যান্ডের বিপক্ষে ইসরায়েল ৩-১ গোলে হেরেছে।
২০ বছর বয়সী ফারখিকে এর আগেও এমন উদযাপন করতে দেখা গেছে। তখন তিনি দেশীয় ক্লাব ম্যাকাবি তেল আবিবের হয়ে খেলতেন।

