Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

মাকে দেখতে দেশে ফেরার টিকিট কাটার এক ঘণ্টা পরই মৃত্যুর খবর পেলেন ছেলে

মাকে দেখতে দেশে ফেরার টিকিট কাটার এক ঘণ্টা পরই মৃত্যুর খবর পেলেন ছেলে

অনলাইন ডেস্ক: ছয় দিন ধরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন খোদেজা আক্তারকে (৫৫) দেখতে বাহরাইন থেকে দেশে ফেরার টিকিট কেটেছিলেন একমাত্র ছেলে মো. শাহীন। কিন্তু মায়ের কাছে ফেরার সেই অপেক্ষা আর শেষ হলো না। টিকিট কাটার মাত্র এক ঘণ্টা পরই পেলেন মায়ের মৃত্যুর খবর।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত খোদেজা আক্তার মারা যান। তিনি ফেনীর পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের জয়ন্তীনগর গ্রামের নুর ইসলামের স্ত্রী।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে পাশের বীরচন্দ্র নগর গ্রামে তালিম অনুষ্ঠান শেষে বাড়ি ফিরছিলেন খোদেজা। জয়ন্তীনগর গ্রামের রাবার বাগান-সংলগ্ন সড়কে বাড়ির কাছে পৌঁছালে ফেনী-ল ১১-৪৪৮০ নম্বরের একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয় বলে জানা গেছে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে ছয় দিন চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়।

স্বজনদের অভিযোগ, দুর্ঘটনার পর মোটরসাইকেলচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। নিবন্ধন-সংক্রান্ত তথ্য অনুযায়ী, মোটরসাইকেলটির মালিক হিসেবে মো. শাহজাহান মজুমদার ও রহিম উল্লাহ মজুমদারের নাম পাওয়া গেছে। তারা ফেনীর ছাগলনাইয়া উপজেলার বাঁশপাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

নিহতের ননদ জাহিদা আক্তার দুর্ঘটনার জন্য দায়ী চালককে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। নিহতের স্বজন বিউটি আক্তার জানান, মায়ের পাশে থাকতে শাহীন বাহরাইন থেকে দেশে ফেরার টিকিট কাটার এক ঘণ্টা পরই মৃত্যুর খবর পান।

পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফুল ইসলাম বলেন, নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram