অনলাইন ডেস্ক: সিনেমার রুপালি পর্দা থেকে শুরু করে বিনোদনের রঙিন ভুবনে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের জয়জয়কার এখন বিশ্বজুড়ে চর্চার কেন্দ্রবিন্দু। প্রযুক্তি যেভাবে জাঁকিয়ে বসছে, তাতে অনেক অভিনয়শিল্পীর কপালেই চিন্তার ভাঁজ। তবে এখনই এআই তারকাদের অভিনয়দক্ষতা নিয়ে অতটা মাথাব্যথা নেই অস্কারজয়ী ফরাসি অভিনেত্রী মারিওন কোটিলার্ডের।
কোটিলার্ডের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তার বর্তমান অভিনয় অনেকটা ‘আলুর মতো’। তবে আজকের এই বিষয়টি হাসির খোরাক হলেও ভবিষ্যতে তা বড় ধরনের আশঙ্কায় রূপ নিতে পারে বলে মনে করেন ৫০ বছর বয়সী এই অভিনেত্রী।
সম্প্রতি স্পেনের সান সেবাস্টিয়ান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নিজের নতুন সিনেমা ‘৭এইচ৪০ সে জু-লা’-এর প্রিমিয়ার উপলক্ষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এআই নিয়ে মতামত জানান তিনি।
২০০৮ সালে ‘লা ভি এন রোজ’ চলচ্চিত্রে ফরাসি সংগীতশিল্পী এডিথ পিয়াফের চরিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হিসেবে অস্কার জেতেন কোটিলার্ড। প্রযুক্তির বর্তমান অগ্রগতি নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, এআই অভিনেতার অভিনয় দেখে কোনো দিন আবেগাপ্লুত হওয়া বা চোখে জল আসার বিষয়টিই তাকে ভয় পাইয়ে দেবে। আপাতত এআই যেভাবে অভিনয় করছে, তা দেখে তিনি কিছুটা স্বস্তি পাচ্ছেন।
প্রযুক্তির দ্রুত অগ্রগতি ও ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এই ফরাসি তারকা। তার ভাবনা, কোনো একদিন কৃত্রিম চরিত্রের অভিনয় দর্শকদের হৃদয় ছুঁয়ে যেতে পারে এবং সে সময় মানুষ বিস্মিত হয়ে যেতে পারে। এই সম্ভাবনা তাকে ভাবায় এবং ভয়ও তৈরি করে বলে জানান তিনি।
বিশ্ব চলচ্চিত্রে এআই ব্যবহারের নৈতিকতা ও সীমাবদ্ধতা নিয়ে বিতর্কের মধ্যে ‘টিলি নরউড’-কে ঘিরে আলোচনা আরও জোরালো হয়েছে। এক টক শোতে ব্রিটিশ উপস্থাপক পিয়ার্স মরগানের সঙ্গে সাক্ষাৎকারের সময় কথা বলা বন্ধ করে চীনা ভাষায় কথা বলতে শুরু করে টিলি। অস্কার মনোনীত অভিনেতা টম কন্টিনোকে তার নতুন সিনেমা ‘মিসঅ্যালাইনড’ নিয়ে প্রশ্ন করার সময় ওই যান্ত্রিক গোলযোগ ইন্টারনেটে আলোচনার জন্ম দেয়।
সান সেবাস্টিয়ান চলচ্চিত্র উৎসবে শীর্ষ পুরস্কারের দৌড়ে থাকা নিকোল গার্সিয়া পরিচালিত সিনেমাটিতে ‘অ্যালিস’ নামে এক সাবেক বিপ্লবী কর্মীর চরিত্রে অভিনয় করেছেন মারিওন কোটিলার্ড। ২০ বছর কারাদণ্ড ভোগের পর ছেলের সঙ্গে নতুন করে জীবন গুছিয়ে নেওয়ার টানাপোড়েনের গল্প তুলে ধরা হয়েছে সিনেমাটিতে।

