অনলাইন ডেস্ক: ফিলিস্তিনের পশ্চিম তীরে শিশু-কিশোরদের নিরাপদে ফুটবল খেলা ও সময় কাটানোর সুযোগ করে দিতে দুটি নতুন ‘ফিফা অ্যারেনা’ চালু করেছে ফিফা। ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন ও সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় তৈরি মাঠ দুটি স্থানীয় শিশুদের খেলাধুলার নতুন জায়গা হয়ে উঠবে।
মাঠ দুটি তৈরি হয়েছে পশ্চিম তীরের বেথলেহেমের দক্ষিণে মারাহ রাবাহ এবং উত্তরাঞ্চলের কুসিনে। ফিফা ও ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে বাস্তবায়িত এই প্রকল্পে আর্থিক সহায়তা দিয়েছে সুইজারল্যান্ডের ফেডারেল ডিপার্টমেন্ট অব ফরেন অ্যাফেয়ার্স।
পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় চলাচলে বিধিনিষেধ ও নানা প্রতিবন্ধকতার কারণে অনেক শিশুর শিক্ষা, খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে অংশ নেওয়া কঠিন হয়ে পড়েছে। নতুন মাঠ দুটি তাদের নিয়মিত ফুটবল খেলা ও শরীরচর্চার সুযোগ তৈরি করবে।
‘ইউনাইট ফর পিস: কিডস কাপ’
মাঠ দুটি উদ্বোধন উপলক্ষে আয়োজন করা হয়েছে পাঁচ দিনব্যাপী ‘ইউনাইট ফর পিস: কিডস কাপ’। এতে স্থানীয় ১৪টি দল অংশ নিচ্ছে এবং খেলবে প্রায় ১৬০ শিশু। গ্রুপ পর্বের পর কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে। শিশু ও স্থানীয় বাসিন্দাদের জন্য আরও কিছু ফুটবলভিত্তিক কার্যক্রমও থাকছে।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, মাঠগুলোর প্রকৃত সাফল্য নির্ভর করবে প্রতিদিনের ব্যবহারের ওপর। তার মতে, বিধিনিষেধ ও অনিশ্চয়তায় যেসব সম্প্রদায়ের শিশুদের জীবন ব্যাহত হয়, তাদের খেলা এবং বন্ধুদের সঙ্গে দেখা করার জায়গা থাকা গুরুত্বপূর্ণ।
আগামী ২৫ সেপ্টেম্বর আনুষ্ঠানিক উদ্বোধনী আয়োজনের মধ্য দিয়ে কিডস কাপ শেষ হবে। মাঠ দুটি দীর্ঘমেয়াদে স্থানীয় শিশু ও কমিউনিটির ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে। ফিফা অ্যারেনা কর্মসূচির আওতায় মাঠের পাশাপাশি স্থানীয়দের ফুটবল সরঞ্জামও দেওয়া হচ্ছে, যাতে প্রতিযোগিতা শেষ হওয়ার পর নিয়মিত অনুশীলন ও খেলাধুলা চালিয়ে যাওয়া যায়।

