অনলাইন ডেস্ক: বিশ্বকাপের পর পর্তুগাল জাতীয় দল থেকে অবসরের কথা ভেবেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে দেশটির ফুটবল ফেডারেশন সভাপতি ও কোচের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত বদলেছেন তিনি। ৪১ বছর বয়সী এই তারকা জানিয়েছেন, জাতীয় দলকে এখনো মাঠে ও মাঠের বাইরে সাহায্য করার সামর্থ্য রয়েছে তার।
গত বিশ্বকাপে শেষ ষোলো থেকে বিদায় নেয় পর্তুগাল। স্পেনের কাছে হারের পর আন্তর্জাতিক ফুটবল ছাড়ার ভাবনা এসেছিল রোনালদোর মনে। পরে পর্তুগাল ফুটবল ফেডারেশনের সভাপতি পেদ্রো প্রোয়েনসা ও কোচের সঙ্গে আলোচনার পর খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি।
জাতীয় দল ছাড়ার কথা ভেবেছিলেন কি না—এমন প্রশ্নের জবাবে রোনালদো জানান, তিনি বিষয়টি ভেবেছিলেন। তবে তাকে এখনো জাতীয় দলে দেখা যাচ্ছে, যার অর্থ তিনি খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
আল নাসরের এই ফরোয়ার্ড মনে করেন, জাতীয় দলকে এখনো দেওয়ার মতো কিছু আছে তার। তার দাবি, পর্তুগালকে লক্ষ্যে পৌঁছাতে শুধু গোল করে নয়, মাঠের বাইরেও সহায়তা করতে পারবেন তিনি।
তরুণ প্রজন্মের প্রসঙ্গ তুলে রোনালদো বলেন, মাঠে নেমে গোল করা এবং দলকে জেতাতে সহায়তা করাই তার কাছে গুরুত্বপূর্ণ। জাতীয় দল যদি কখনো মনে করে তাকে আর প্রয়োজন নেই, তাহলে সবার আগে নিজেই সরে দাঁড়াবেন বলেও জানিয়েছেন তিনি।
সম্প্রতি পর্তুগালের সংবাদমাধ্যমে রোনালদোর পারফরম্যান্স ও দলে তার জায়গা নিয়ে সমালোচনা হয়েছে। আ বোলা-র এক পাঠক জরিপে অনেকেই তাকে পছন্দের একাদশে রাখেননি। তবে এসব সমালোচনায় খুব একটা বিচলিত নন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা।
রোনালদোর মতে, পর্তুগালের সমর্থকেরা তাকে ভালোবাসেন। কিছু টেলিভিশন চ্যানেল তার সমালোচনা করতে পছন্দ করে—এটিও তিনি বোঝেন। দুই দশকের বেশি সময় ধরে এমন পরিস্থিতির সঙ্গে পরিচিত থাকায় বিষয়টি এখন তার কাছে অভ্যাসে পরিণত হয়েছে।
আপাতত জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রোনালদো। নিজের সামর্থ্য অনুযায়ী পর্তুগালকে সহায়তা করাই তার লক্ষ্য—গোল করে কিংবা সতীর্থদের পাশে থেকে।

