Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

হাতিয়ায় ‘রাজা ইলিশ’ বিক্রি হলো ১০ হাজার ৯০০ টাকায়

হাতিয়ায় ‘রাজা ইলিশ’ বিক্রি হলো ১০ হাজার ৯০০ টাকায়

অনলাইন ডেস্ক: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় একটি ‘রাজা ইলিশ’ ১০ হাজার ৯০০ টাকায় বিক্রি হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার চেয়ারম্যান ঘাটে নিলামে মাছটি বিক্রি করা হয়।

জানা গেছে, হাতিয়ার জেলে জাহিদ মাঝি মেঘনা নদী থেকে মাছটি ধরেন। পরে মাছটি চেয়ারম্যান ঘাটের সাদিয়া ফিশ এজেন্সিতে নিয়ে নিলামে তোলা হয়। নিলামে সর্বোচ্চ দর হাঁকিয়ে মাছটি কিনে নেন মৎস্য ব্যবসায়ী বিষ্ণু বেপারি।

নিলাম পরিচালনা করেন কুতুবউদ্দিন বাবু। তিনি বলেন, মাছটির আকার ও ওজন ভালো হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে আগ্রহ তৈরি হয়। একপর্যায়ে মাছটির সর্বোচ্চ দাম ওঠে ১০ হাজার ৯০০ টাকা। পরে ওই দামেই মাছটি বিক্রি করা হয়।

সাদিয়া ফিশ এজেন্সির মালিক মো. সালা উদ্দিন বলেন, চেয়ারম্যান ঘাটে বড় ইলিশ এলে ব্যবসায়ীদের মধ্যে সাধারণত আগ্রহ দেখা যায়। এই ইলিশটিরও ভালো দাম পাওয়া গেছে। সর্বোচ্চ দরদাতা হিসেবে বিষ্ণু বেপারি মাছটি কিনেছেন।

মৎস্য ব্যবসায়ী মো. আকবর হোসেন বলেন, মেঘনা নদীতে বড় আকারের ইলিশ ধরা পড়লে চাহিদা ও দাম দুটোই বেশি থাকে। ইলিশটি আকারে বড় হওয়ায় নিলামে এর দামও বেশি উঠেছে।

নোয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা হারুন অর রশিদ বলেন, মেঘনা নদীতে ইলিশের প্রাপ্যতা ও আকার প্রাকৃতিক পরিবেশ এবং নদীর পরিস্থিতির ওপর অনেকটা নির্ভর করে। বড় আকারের ইলিশ ধরা পড়া জেলেদের জন্য আনন্দের বিষয়। তবে ইলিশের উৎপাদন ও প্রজনন স্বাভাবিক রাখতে সরকারি নির্দেশনা মেনে মাছ ধরতে হবে।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram