অনলাইন ডেস্ক: দেশের মানুষ যখন নানা সংকটের মধ্যে রয়েছে, তখন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ সদস্য ও সংসদ সদস্যদের আর্থিক সুবিধা বাড়ানোর কোনো উদ্যোগ নেওয়া হলে তার বিরোধিতা করার ঘোষণা দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে জামায়াতে ইসলামীর সঙ্গে বিট সাংবাদিকদের মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
শফিকুর রহমান বলেন, গোটা সমাজ সংকটে রয়েছে। এমন পরিস্থিতিতে সংসদ সদস্যদের সুযোগ-সুবিধা বাড়ানোর প্রশ্নই ওঠে না। সরকারকে এ ধরনের কোনো উদ্যোগ না নেওয়ার বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, সংসদ সদস্যরা জনগণের প্রয়োজনে নির্বাচিত হয়েছেন, বেতনের বিনিময়ে সংসদ সদস্য হতে নয়। ১৮ কোটি মানুষের আর্থিক অবস্থার পরিবর্তন হলে সবার সঙ্গে সুযোগ-সুবিধা ভাগ করে নিতে তাদের আপত্তি থাকবে না।
শফিকুর রহমান জানান, সংসদ সদস্য নির্বাচিত হওয়ার আগে জামায়াতে ইসলামী সরকারি প্লট ও শুল্কমুক্ত গাড়ির সুবিধা না নেওয়ার ঘোষণা দিয়েছিল এবং পরে তা বাস্তবায়ন করেছে। সরকারি দলও একই সিদ্ধান্ত নেওয়ায় তিনি তাদের অভিনন্দন জানান।
বিরোধীদলীয় নেতা বলেন, তারা সংসদকে জনগণের প্রত্যাশার কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চান। সংসদ সদস্যদের শাসকের নয়, সেবকের মানসিকতা নিয়ে কাজ করা উচিত।
সংসদে বিভিন্ন বিষয়ে নোটিশ আলোচনার সুযোগ না পাওয়ার অভিযোগ করে তিনি বলেন, জ্বালানি, সার, বিদ্যুৎ, আইনশৃঙ্খলা পরিস্থিতি, শিশু ধর্ষণ ও হত্যা এবং নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে তারা একাধিক নোটিশ দিয়েছেন। তবে সব নোটিশ আলোচনায় আনা হচ্ছে না।
দেশের শিল্প, বিশেষ করে তৈরি পোশাক খাতের সংকট নিয়েও উদ্বেগ জানান তিনি। উৎপাদন কমে গেলে শিল্প মালিকেরা সংকটে পড়বেন এবং শ্রমিক ছাঁটাই হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন। এতে শ্রমিকদের পাশাপাশি তাদের পরিবারও অর্থনৈতিক ঝুঁকিতে পড়বে বলে মন্তব্য করেন তিনি।
জামায়াতের সাম্প্রতিক লংমার্চ প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, কর্মসূচিগুলো শান্তিপূর্ণ, নিয়মতান্ত্রিক ও সুশৃঙ্খলভাবে পালন করা হয়েছে। কর্মসূচি বানচাল করতে কেউ যানবাহনে আগুন, ককটেল বিস্ফোরণ বা আতঙ্কের পরিবেশ তৈরি করে থাকলে তার দায় তাদের বলে মন্তব্য করেন তিনি।
সাম্প্রতিক জ্বালানি তেলের দাম বাড়ানোর সমালোচনা করে তিনি বলেন, এক লিটার জ্বালানির দাম ২০ টাকা বাড়লে এর প্রভাব পরিবহন ব্যয়, পণ্য পরিবহন ও বাজারদরের ওপর পড়ে।
গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, বক্তব্যের অংশবিশেষ নিয়ে প্রচার করা হলে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়। গণমাধ্যম ঠিক থাকলে রাষ্ট্রের অন্য প্রতিষ্ঠানগুলোর জবাবদিহি শক্তিশালী থাকে বলেও মন্তব্য করেন তিনি।
মতবিনিময় সভায় জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মা’ছুম, মাওলানা আব্দুল হালিম, মাওলানা রফিকুল ইসলাম খান, ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদসহ দলটির কেন্দ্রীয় ও মহানগর নেতারা উপস্থিত ছিলেন।

