অনলাইন ডেস্ক: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীর চাপ অব্যাহত রয়েছে। গত চার দিনে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ১০৬ জন রোগী ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৮২ জন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) পর্যন্ত হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ১০৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন.
রামেক হাসপাতালের মুখপাত্র শেখ শামিম আহমেদের তথ্য অনুযায়ী, ১৯ সেপ্টেম্বর ২০ জন ডেঙ্গু রোগী ভর্তি হন এবং ১২ জন সুস্থ হয়ে ছাড়পত্র পান। ওই দিন চিকিৎসাধীন রোগীর সংখ্যা ছিল ৯৩ জন। এদিন ডেঙ্গুতে মারা যান রাজশাহীর তানোর উপজেলার মো. আনোয়ার মন্ডল (৫২)। হাসপাতালে ভর্তির পরদিন ডেঙ্গু শক সিন্ড্রোমে তার মৃত্যু হয় বলে হাসপাতালের তথ্যে উল্লেখ করা হয়েছে।
২০ সেপ্টেম্বর নতুন করে ৩১ জন ডেঙ্গু রোগী ভর্তি হন এবং ১৮ জন ছাড়পত্র পান। ওই দিন রাজশাহীর বাগমারা উপজেলার ১৬ বছর বয়সী সাথী রাণীর মৃত্যু হয়। হাসপাতালের তথ্যে তার মৃত্যুর কারণও ডেঙ্গু শক সিন্ড্রোম বলা হয়েছে।
২১ সেপ্টেম্বর ২৬ জন রোগী ভর্তি এবং ২৭ জন সুস্থ হয়ে ছাড়পত্র পান। ওই দিন কোনো রোগীর মৃত্যু হয়নি। দিন শেষে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়ায় ১০৪ জনে।
মঙ্গলবার ২৯ জন নতুন রোগী ভর্তি হন এবং ২৫ জন ছাড়পত্র পান। একই দিনে আব্দুল করিম (৪৫) নামে এক রোগীর মৃত্যু হয়। চাঁপাইনবাবগঞ্জের পোলাডাঙ্গার বটতলা এলাকার কৃষক আব্দুল করিম ১৬ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি হয়েছিলেন। হাসপাতালের তথ্যে তার মৃত্যুর কারণ হিসেবে সন্দেহভাজন ডেঙ্গু মায়োকার্ডাইটিস থেকে সৃষ্ট হৃদ্যন্ত্রের অনিয়মিত স্পন্দনের কারণে আকস্মিক হৃদ্যন্ত্রজনিত মৃত্যুর কথা উল্লেখ করা হয়েছে।
শেখ শামিম আহমেদ বলেন, ২৪ ঘণ্টায় ২৯ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন, ২৫ জন ছাড়পত্র পেয়েছেন এবং আব্দুল করিম নামে একজনের মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালে ডেঙ্গুতে ১০৭ জন রোগী চিকিৎসাধীন।

