অনলাইন ডেস্ক: উজবেকিস্তানের সমরখন্দ শহরে ফিদে ৪৬তম দাবা অলিম্পিয়াডের পঞ্চম রাউন্ডের খেলায় ওপেন বিভাগে বাংলাদেশ দল ২-২ গেম পয়েন্টে ডেনমার্কের সঙ্গে ড্র করেছে।
পঞ্চম রাউন্ডে বাংলাদেশের হয়ে গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ ডেনমার্কের আন্তর্জাতিক মাস্টার ওলসেন ফিলিপ বোয়েকে হারান। আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় ও ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া যথাক্রমে ডেনমার্কের গ্র্যান্ড মাস্টার থিবো জেসপার সন্ডারগার্ড ও গ্র্যান্ড মাস্টার অ্যান্ডারসেন ম্যাডসের সঙ্গে ড্র করেন। আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ডেনমার্কের গ্র্যান্ড মাস্টার বিয়েরে জোনাস বুলের কাছে পরাজিত হন।
হন্ডুরাসকে হারিয়েছে নারী দল
মহিলা বিভাগে বাংলাদেশ দল হন্ডুরাসের মহিলা দলকে ৩-১ গেম পয়েন্টে পরাজিত করেছে। বাংলাদেশের মহিলা আন্তর্জাতিক মাস্টার ওয়াদিফা আহমেদ, মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম ও মহিলা ক্যান্ডিডেট মাস্টার নুশরাত জাহান আলো যথাক্রমে হন্ডুরাসের মহিলা ফিদে মাস্টার টোরেস হার্নান্দেজ লেসলি ক্যারোলিন, মহিলা ফিদে মাস্টার ভিয়েনা ভ্যালেরিয়া ও মহিলা ক্যান্ডিডেট মাস্টার বোবাদিয়া দিয়ানাকে হারান। মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা আহমেদ হন্ডুরাসের মেহিয়া কামিলার কাছে হেরে যান।
পাঁচ খেলায় ওপেন ও মহিলা—দুই বিভাগেই বাংলাদেশ দলের পয়েন্ট ৬। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) তাদের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির আওতায় চলমান দাবা অলিম্পিয়াডে অংশ নেওয়া বাংলাদেশের ওপেন ও মহিলা দলকে আর্থিক সহায়তা দিয়েছে।

