Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

৪৩ বছরেও স্বয়ংসম্পূর্ণ হয়নি গাইবান্ধা জেনারেল হাসপাতাল

৪৩ বছরেও স্বয়ংসম্পূর্ণ হয়নি গাইবান্ধা জেনারেল হাসপাতাল

অনলাইন ডেস্ক: গাইবান্ধা জেলার ২৭ লাখ মানুষের একমাত্র ভরসার নাম গাইবান্ধা জেনারেল হাসপাতাল। অর্থনৈতিক কারণে যারা প্রাইভেট ক্লিনিক বা দেশের নামি-দামি হাসপাতালে চিকিৎসা নিতে পারেন না, তাদের জন্য গুরুত্বপূর্ণ এই হাসপাতালটি প্রতিষ্ঠার ৪৩ বছরেও স্বয়ংসম্পূর্ণ রূপ পায়নি।

ছয় বছর আগে হাসপাতালটি ২৫০ শয্যার মর্যাদা পেলেও চলছে ১০০ শয্যার জনবল দিয়ে। চার বছর আগে প্রায় ৪০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৯ তলা আধুনিক ভবন বুঝে নেওয়া হলেও জনবল ও সরঞ্জামের অভাবে সেটি পুরোপুরি চালু হয়নি। এতে চিকিৎসা নিতে আসা রোগীদের ভোগান্তি বাড়ছে।

১৯৮৪ সালে ৫০ শয্যা নিয়ে গাইবান্ধা সদর হাসপাতালের যাত্রা শুরু হয়। ২০১৬ সালের ৬ অক্টোবর এটি ১০০ শয্যায়, ২০১৮ সালের ৮ মে ২০০ শয্যায় এবং ২০২০ সালের ২১ অক্টোবর ২৫০ শয্যায় উন্নীত হয়। তবে হাসপাতালের জনবল ও যন্ত্রপাতি এখনো ১০০ শয্যার কাঠামোতেই সীমাবদ্ধ।

গত ২৮ জুলাইয়ের তথ্য অনুযায়ী, ১০০ শয্যার হিসাবেও চিকিৎসকসহ সংশ্লিষ্ট পদে ২০৮ জন থাকার কথা থাকলেও কর্মরত আছেন ১৩০ জন। শূন্য পদ ৭৮টি। সিনিয়র কনসালটেন্ট মেডিসিন, চক্ষু, কার্ডিওলজি, অ্যানেস্থেসিয়া, চর্ম ও যৌন, ইএনটি, অর্থো সার্জারি এবং জুনিয়র কনসালটেন্ট অর্থপেডিক্সসহ গুরুত্বপূর্ণ পদে দীর্ঘদিন ধরে শূন্যতা রয়েছে।

২০ সেপ্টেম্বর হাসপাতালটিতে গিয়ে দেখা যায়, শয্যা সংকটে পুরোনো ভবনের ওয়ার্ড, বারান্দা, করিডোর ও সিঁড়ির পাশে রোগীদের শয্যা পাতা হয়েছে। এতে স্বাভাবিক চলাচলও ব্যাহত হচ্ছে। হাসপাতালের মূল গেটের সামনে রিকশা, অটো ও ভ্যানের ভিড় রয়েছে।

২০২২ সালের এপ্রিলের শুরুতে গণপূর্ত বিভাগ নতুন ভবনটি হাসপাতাল কর্তৃপক্ষকে বুঝিয়ে দেয়। ভবনটি চালু করতে চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট পদে আরও ২৭১ জন জনবল প্রয়োজন। বর্তমানে সেখানে টিকিট কাউন্টার, বহির্বিভাগ, ফার্মাসিস্টসহ কয়েকটি সেবা চালু থাকলেও বড় অংশ অব্যবহৃত পড়ে আছে।

আন্তঃবিভাগ সূত্রের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ আগস্ট পর্যন্ত সেখানে ৩৬ হাজার ১৬৭ রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ২ হাজার ৬৪৪ জনকে বিভিন্ন বিভাগ থেকে রেফার্ড করা হয়েছে। একই সময়ে মৃত্যু হয়েছে ৩২৫ জনের। জরুরি বিভাগ সূত্র বলছে, জনবল সংকটের কারণে প্রতিদিন গড়ে ৮ থেকে ১০ জন রোগীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হচ্ছে।

হাসপাতালের নার্সিং সুপারভাইজার বীনাপানি গোলদার বলেন, চিকিৎসক সংকটে প্রায় সব ধরনের রোগীকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করতে হয়। হাসপাতালের স্টোর কিপার বিষ্ণুপদ রায় জানান, পাঁচটি অটোক্লাভ মেশিনের মধ্যে একটি চালু আছে এবং পাঁচটি অ্যানেস্থেসিয়া মেশিনই অচল।

সিনিয়র স্টাফ নার্স স্বপ্না রানী বলেন, গত ২৪ ঘণ্টায় ১৭১ জন নতুন রোগী ভর্তি হয়েছেন; মোট ভর্তি রোগী ৪০১ জন। এতে জনবল দিয়ে সেবা দিতে তারা হিমশিম খাচ্ছেন।

হাসপাতালের আরএমও আসিফ রহমান বলেন, ২৫০ শয্যার হাসপাতালে ১০০ শয্যার জনবল রয়েছে। চিকিৎসকের ঘাটতি থাকলেও তারা সাধ্যমতো সেবা দেওয়ার চেষ্টা করছেন। তত্ত্বাবধায়ক ডা. শহীদুল্লাহ জানান, জনবল ও সরঞ্জামের অভাবে বহুতল ভবনটি পুরোপুরি চালু করা যায়নি এবং বিষয়গুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হচ্ছে।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram