Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

পাকুন্দিয়ার পানের হাটে দুই ঘণ্টায় ৭০ লাখ টাকার বেচাকেনা

পাকুন্দিয়ার পানের হাটে দুই ঘণ্টায় ৭০ লাখ টাকার বেচাকেনা

অনলাইন ডেস্ক: ফজরের আজান শেষ হতে না হতেই জমে ওঠে কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসদরের পাটমহালের পানের হাট। বাজারের অন্য অংশ নীরব থাকলেও এখানে চাষি, বিক্রেতা ও পাইকারদের ব্যস্ততা শুরু হয়। দূর-দূরান্ত থেকে আসা পাইকাররা পান কিনে বস্তা ও গাড়ি ভরে নেন।

সকাল গড়ানোর আগেই, মাত্র দুই ঘণ্টায়, হাটে প্রায় ৬০ থেকে ৭০ লাখ টাকার পান বিক্রি হয়। শীত মৌসুমে চাহিদা ও দাম বাড়লে প্রতিটি হাটে বেচাকেনার পরিমাণ কোটি টাকা ছাড়িয়ে যায় বলে সংশ্লিষ্টরা জানান।

পাটমহালের হাট বসে প্রতি শনি ও বুধবার। পাকুন্দিয়ার স্থানীয় চাষিদের পাশাপাশি আশপাশের বিভিন্ন উপজেলা থেকেও চাষিরা পান নিয়ে আসেন। মানসম্মত পান কিনতে দেশের বিভিন্ন এলাকার পাইকাররাও এখানে আসেন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোরে হাটে গিয়ে দেখা যায়, এক পাশে চাষিরা পান সাজিয়ে বসেছেন, অন্য পাশে পাইকারেরা পান বাছাই করছেন। মাথায়, ভ্যানে ও অটোরিকশায় করে পান নিয়ে হাটে ঢুকছেন অনেকে। কেনাবেচা শেষে পানের বস্তা ও আঁটি নিয়ে অটোরিকশা ও পিকআপভ্যান বিভিন্ন গন্তব্যে রওনা হচ্ছে।

দেশের বিভিন্ন বাজারে যায় পাকুন্দিয়ার পান

পাটমহালের হাটটি এখন পাকুন্দিয়ার পান বাণিজ্যের অন্যতম কেন্দ্র। এখানকার পান ঢাকা, গাজীপুর, কটিয়াদী, নরসিংদী, ময়মনসিংহসহ দেশের বিভিন্ন এলাকার বাজারে যাচ্ছে। পাইকারদের ভাষ্য, পাকুন্দিয়ার পানের মান ভালো। বিশেষ করে লাল ডিঙ্গি ও গয়েসুর জাতের পানের চাহিদা বেশি। বর্তমানে ভালো মানের এককুড়ি পানের দাম ৪ হাজার থেকে ৪ হাজার ৫০০ টাকা।

পাইকার হাবিবুর রহমান জানান, ১০–১৫ বছর ধরে তিনি এই হাট থেকে পান কিনছেন। ব্যবসায়ী শুভ চক্রবর্তী বলেন, পাকুন্দিয়া থেকে পান কিনে তিনি কটিয়াদী, ভৈরব, নরসিংদী, করগাঁও ও নিকলীসহ বিভিন্ন এলাকায় বিক্রি করেন।

পান চাষে চলে বহু পরিবারের সংসার

পাকুন্দিয়ার দরদরা, বরাটিয়া, হিজলীয়া, লক্ষীয়া, নামালক্ষীয়া, সৈয়দগাঁও, হোসেন্দী চরপাড়া, মির্জাপুর ও বাহাদিয়াসহ বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে পান চাষ হচ্ছে। অনেক পরিবারে এই চাষের ইতিহাস বাপ-দাদার সময়ের। পান চাষের আয় দিয়েই সংসার চালানোর কথা জানিয়েছেন চাষিরা।

চাষিরা বলেন, উৎপাদন ও বাজারব্যবস্থা ভালো থাকলে সারা বছর পান থেকে আয় করা সম্ভব। তবে রোগবালাই, প্রাকৃতিক দুর্যোগ ও উৎপাদন খরচ বেড়ে গেলে লোকসানের আশঙ্কা থাকে।

হাটের ইজারাদার কফিল উদ্দিন বলেন, পান দ্রুত নষ্ট হতে পারে। তাই দূর-দূরান্ত থেকে আসা চাষি ও পাইকারদের সুবিধা ও নিরাপত্তায় হাটে পাহারাদার রাখা হয়।

৬৫ হেক্টর জমিতে পান চাষ

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, পাকুন্দিয়ার কয়েকটি ইউনিয়ন ও পৌর এলাকার প্রায় ৬৫ হেক্টর জমিতে পান চাষ হচ্ছে। সারা বছর লাল ডিঙ্গি ও গয়েসুর জাতের পান উৎপাদন হয়। কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, স্থানীয় মাটি ও আবহাওয়া পান চাষের উপযোগী।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নূর-ই-আলম বলেন, পান লাভজনক কৃষিপণ্য। কৃষকেরা বছরজুড়ে পান বিক্রি করে আয় করছেন এবং পান চাষে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram