অনলাইন ডেস্ক: ২০তম এশিয়ান গেমস হচ্ছে জাপানের আইচি-নাগোয়া শহরে। ৪৫ ডিসিপ্লিনের অধিকাংশ এই শহরে হলেও নারী ফুটবলের কয়েকটি ম্যাচ পাশের শহর ওসাকায়। বাংলাদেশ নারী দলের গ্রুপের সব ম্যাচ পড়েছে সেখানকার নাগাই স্টেডিয়ামে।
বাইরের শহরে থাকায় গেমসের আমেজ তুলনামূলক কম থাকলেও নাগাই স্টেডিয়ামে খেলার সুযোগকে সৌভাগ্য হিসেবে দেখছে বাংলাদেশ দল। ২০০২ সালে জাপান ও দক্ষিণ কোরিয়া যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করেছিল। সেই আসরের কয়েকটি ম্যাচ হয়েছিল ওসাকার নাগাই স্টেডিয়ামে।
২০১৪ সালে ইনচোন এশিয়ান গেমসে বাংলাদেশের পুরুষ ফুটবল দল বিশ্বকাপের ভেন্যুতে খেলার সুযোগ পেয়েছিল। এক যুগ পর এশিয়ান গেমসে নারী ফুটবল দলও বিশ্বকাপের আরেক ভেন্যুতে খেলছে। ঋতুপর্ণারা ইতোমধ্যে নাগাইয়ে দুটি ম্যাচ খেলেছেন।
বাংলাদেশ নারী ফুটবল দলের ম্যানেজার খালিদ মাহমুদ নওমি ওসাকার সুযোগ-সুবিধার প্রশংসা করেছেন। তার মতে, এশিয়া কাপে অস্ট্রেলিয়ায় ভালো মাঠ পেলেও জাপানের মাঠও অসাধারণ। ওসাকায় দলের অনুশীলনস্থলে ২০টির বেশি মাঠ রয়েছে বলেও জানান তিনি।
নাগাই স্টেডিয়ামও আধুনিক। তবে ড্রেসিংরুমে ২৩ জনের পুরো স্কোয়াড একসঙ্গে বসার ব্যবস্থা নেই। এক কক্ষে ১৬ জন এবং অন্য কক্ষে ৭ জন বসতে পারেন। স্টেডিয়ামে অ্যাথলেটিক্স ট্র্যাকও রয়েছে। ২০০৭ সালে সেখানে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছিল।
বাংলাদেশ নারী ফুটবল দল আজ বিকেলে মিয়ানমারের মুখোমুখি হবে। গত বছর মিয়ানমারকে হারিয়েই বাংলাদেশ এশিয়া কাপে খেলার সুযোগ পেয়েছিল। আজ জিতলে পরের পর্বে যাওয়ার সুযোগ থাকবে। তবে এর জন্য থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ার ম্যাচ ড্র হতে হবে।

