Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

রাফিনিয়া মেসির রেকর্ড ভাঙলেও রোনালদোকে টপকানোর সুযোগ দিলেন না ফ্লিক

রাফিনিয়া মেসির রেকর্ড ভাঙলেও রোনালদোকে টপকানোর সুযোগ দিলেন না ফ্লিক

অনলাইন ডেস্ক: চার দিনের মধ্যে টানা দ্বিতীয়বার হ্যাটট্রিক করেছেন রাফিনিয়া। বার্সেলোনার সবশেষ ম্যাচে সেভিয়ার বিপক্ষে ৩-১ ব্যবধানের জয়ে দলের তিনটি গোলই করেছেন তিনি। চলতি লা লিগা মৌসুমে সাত ম্যাচে ১২ গোল করে বার্সেলোনার অন্যতম সেরা পারফর্মার হিসেবে নিজের অবস্থান আরও দৃঢ় করেছেন এই ফরোয়ার্ড।

অপ্টার তথ্য অনুযায়ী, একবিংশ শতাব্দীতে এক মৌসুমের প্রথম সাত ম্যাচে লিওনেল মেসির গোলের রেকর্ড ভেঙেছেন রাফিনিয়া। এই তালিকায় তার ওপরে আছেন শুধু ক্রিশ্চিয়ানো রোনালদো। ২০১৪-১৫ মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে প্রথম সাত ম্যাচে ১৩ গোল করেছিলেন রোনালদো।

রাফিনিয়ার সামনে রোনালদোর রেকর্ড ছোঁয়ার সুযোগ তৈরি হলেও ৭৬তম মিনিটে তাকে মাঠ থেকে তুলে নেন কোচ হান্সি ফ্লিক। ফলে সেই রেকর্ডে পৌঁছাতে পারেননি তিনি।

ফলস নাইন হিসেবে সাফল্য

বার্সেলোনায় দুর্দান্ত সময় কাটাচ্ছেন রাফিনিয়া। ফলস নাইন হিসেবে মাঠে নেমে নিয়মিত গোল করছেন তিনি। চলতি লিগে শুধু লেভান্তের বিপক্ষেই গোল পাননি ২৯ বছর বয়সী এই ফরোয়ার্ড। এ মৌসুমে চারটি ম্যাচে একের বেশি গোল করেছেন তিনি। এর মধ্যে রেসিং সান্তান্দার ও সেভিয়ার বিপক্ষে করেছেন টানা দুটি হ্যাটট্রিক।

রাফিনিয়ার এই ফর্মের কারণে তাকে দীর্ঘ মেয়াদে দলে রাখার উদ্যোগ নিয়েছে বার্সেলোনা। তার বর্তমান চুক্তির মেয়াদ ২০২৮ সালে শেষ হওয়ার কথা। তবে সেটি ২০৩০ সাল পর্যন্ত বাড়ানোর কথা ভাবছে ক্লাবটি।

ফ্লিক রাফিনিয়ার চুক্তি নবায়নকে ক্লাবের জন্য সেরা সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন। তিনি রাফিনিয়াকে নেতা হিসেবে উল্লেখ করে চলতি মৌসুমে তার পারফরম্যান্সের প্রশংসা করেন। ফ্লিক জানান, কোচিং স্টাফের সিদ্ধান্তেই তাকে মাঝখানে খেলানো হচ্ছে এবং সাম্প্রতিক ম্যাচগুলোতে নাম্বার নাইন হিসেবেও তিনি স্বাচ্ছন্দ্যবোধ করছেন।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram