Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

জন্মদিনে স্মরণে সালমান শাহ: বাংলা সিনেমার ‘টাইম ট্রাভেলার’

জন্মদিনে স্মরণে সালমান শাহ: বাংলা সিনেমার ‘টাইম ট্রাভেলার’

অনলাইন ডেস্ক: বাংলা সিনেমার জগতে রূপালী পর্দায় বহু শিল্পী এসেছেন ও চলে গেছেন। তবে ঢাকাই সিনেমার ইতিহাসে ‘ক্ষণজন্মা’ এক তারকা হিসেবে দর্শকমনে চিরজীবন্ত হয়ে আছেন ‘স্বপ্নের নায়ক’ সালমান শাহ। পর্দায় তার উপস্থিতি থেমে গেছে বহু বছর আগে, কিন্তু ভক্তদের কাছে তিনি আজও অমলিন।

১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটের জকিগঞ্জে জন্ম নেন সালমান শাহ। ১৯৮৫ সালে বিটিভিতে শিশুশিল্পী হিসেবে বিনোদন জগতে তার পথচলা শুরু হয়। ১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার।

প্রথম সিনেমায় মৌসুমীর বিপরীতে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন তিনি। এরপর তিন-চার বছরের মধ্যে ২৭টি সিনেমায় অভিনয় করেন সালমান শাহ, যার বেশিরভাগই ছিল ব্যবসাসফল। ‘তুমি আমার’, ‘অন্তরে অন্তরে’, ‘সুজন সখি’, ‘বিক্ষোভ’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘বিচার হবে’, ‘এই ঘর এই সংসার’, ‘তোমাকে চাই’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘জীবন সংসার’ ও ‘আনন্দ অশ্রু’র মতো সিনেমায় অভিনয় করে নব্বইয়ের দশকের জনপ্রিয় নায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।

ফ্যাশনেও অগ্রগামী

সিনেমা বিশ্লেষকদের মতে, অভিনয়ের পাশাপাশি সালমান শাহ ছিলেন বিনোদন জগতের এক অনন্য ‘টাইম ট্রাভেলার’। বর্তমান সময়ের তারকাদের পোশাক, চুলের কাটিং ও ব্যক্তিত্বে যে আধুনিকতার ছাপ দেখা যায়, তার অনেকটাই তিনি তিন দশক আগে পর্দায় উপস্থাপন করেছিলেন। রঙিন ব্যান্ডানা, সানগ্লাস, আকর্ষণীয় হেয়ারস্টাইল ও বাইকে তার উপস্থিতি তরুণদের মুগ্ধ করত। ভক্তদের বিশ্বাস, ভবিষ্যৎ সময়ের ফ্যাশন তিনি নব্বইয়ের দশকেই ঢালিউডে নিয়ে এসেছিলেন।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসায় ২৫ বছর বয়সে রহস্যময় অকালপ্রয়াণ ঘটে সালমান শাহের। তার চলে যাওয়া সম্ভাবনাময় এক নক্ষত্রের পথ থামিয়ে দিলেও জনপ্রিয়তায় ভাটা পড়েনি। সাদামাটা স্বভাব, মায়াবী রূপ ও প্রাণবন্ত হাসি দিয়ে তিনি কোটি দর্শকের মনে জায়গা করে নেন।

সালমান শাহের পর চলচ্চিত্রে আসা প্রায় সব তরুণ নায়কই তাকে অনুপ্রেরণা ও আদর্শ হিসেবে মানেন। তিন দশক পেরিয়েও প্রজন্মের পর প্রজন্মে তার প্রভাব বহমান। বাংলা চলচ্চিত্রের দর্শকদের কাছে তাই সালমান শাহ আজও এক অমলিন আবেগের নাম।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram