অনলাইন ডেস্ক: সিলেটে সন্দেহভাজন হামে আক্রান্ত হয়ে ২ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে ১৫৭ জন সন্দেহভাজন হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে নতুন করে হাম শনাক্ত হয়েছে ৮ জনের।
রোববার (২২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের প্রকাশিত দৈনিক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ২১ নভেম্বর সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সুমাইয়া আক্তার নামের ওই শিশুর মৃত্যু হয়। তার অভিভাবক সাদিক মিয়া। শিশুটির বাড়ি সিলেট সদর উপজেলার শিবেরবাজার এলাকায়। প্রতিবেদনে মৃত্যুটিকে সন্দেহভাজন হামজনিত মৃত্যু হিসেবে উল্লেখ করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ১৫৭ জনের মধ্যে সিলেট জেলার ১০৮ জন, হবিগঞ্জের ৪৩ জন, মৌলভীবাজারের ৪ জন এবং সুনামগঞ্জের ২ জন রয়েছেন।
সরকারি ও বেসরকারি হাসপাতাল মিলিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ৫৩৯ জন হাম রোগী চিকিৎসাধীন। এর মধ্যে সরকারি হাসপাতালে ৪৪৩ জন এবং বেসরকারি হাসপাতালে ৯৬ জন ভর্তি আছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ২২ নভেম্বর পর্যন্ত সিলেট বিভাগে সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮২৫ জনে। এর মধ্যে সিলেটে ৪৫৬, হবিগঞ্জে ২৭৬, মৌলভীবাজারে ১৭২ এবং সুনামগঞ্জে ৯২১ জন রয়েছেন।
জেলাভিত্তিক হিসাবে সিলেটে ৯৮, হবিগঞ্জে ৩৫, মৌলভীবাজারে ১৭ এবং সুনামগঞ্জে ৭৬ জনের মৃত্যুর তথ্য প্রতিবেদনে রয়েছে। সব মিলিয়ে বিভাগে সন্দেহভাজন ও নিশ্চিত হামজনিত মৃত্যুর সংখ্যা ২২৬ জন।

