Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়িতে পেট্রোলবোমা, অগ্নিসংযোগের চেষ্টা

ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়িতে পেট্রোলবোমা, অগ্নিসংযোগের চেষ্টা

অনলাইন ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের পৈতৃক বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ ও কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। বাড়ির বাইরে একাধিক স্থানে আগুন দেওয়া হলেও তা ঘরের ভেতরে ছড়াতে পারেনি। প্রতিবেশীদের দ্রুত তৎপরতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায় পরিবারটি।

রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ৩টার দিকে খাগড়াছড়ি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের নয়নপুর এলাকায় এ ঘটনা ঘটে।

সাদিক কায়েমের বাবা আবুল কাশেম জানান, গভীর রাতে বিকট শব্দে তার ঘুম ভাঙে। বাইরে বের হয়ে তিনি দরজার সামনে আগুন জ্বলতে দেখেন। পরে প্রতিবেশীরা এসে আগুন নেভান। তার ভাষ্য, বাড়ির বাইরে কয়েকটি স্থানে আগুন দেওয়া হয়েছিল।

ঘটনার পর পুলিশ বাড়িতে গিয়ে তেলের বোতলসহ বিভিন্ন আলামত সংগ্রহ করে। খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু বলেন, বাড়ির প্রাচীরের বাইরে থেকে কেরোসিন ঢেলে কাগজ ব্যবহার করে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি।

পুলিশ জানিয়েছে, কারা এ ঘটনায় জড়িত, কী উদ্দেশ্যে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং এর পেছনে কোনো পরিকল্পিত হামলা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

নিজের ফেসবুক পেজের এক পোস্টে সাদিক কায়েম অভিযোগ করেন, নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা তার বাড়িতে পেট্রোলবোমা ও কেরোসিন দিয়ে অগ্নিসংযোগের চেষ্টা করেছেন। তিনি দাবি করেন, ঘটনার সময় তার বাবা-মা বাড়িতে ছিলেন এবং এলাকাবাসীর তৎপরতায় আগুন ঘরের ভেতরে ছড়ানোর আগেই নেভানো সম্ভব হয়।

এ ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর খাগড়াছড়ি জেলা শাখা। দলটির নেতারা হামলা ও নাশকতার চেষ্টা প্রতিরোধে সরকারের কার্যকর পদক্ষেপ, পাশাপাশি নেতাদের ব্যক্তিগত নিরাপত্তা ও বাসাবাড়ির সুরক্ষা নিশ্চিত করার দাবি জানান।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram