অনলাইন ডেস্ক: মা হয়েছেন অভিনেত্রী মৌসুমী হামিদ। ঢাকার একটি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি। ছেলের নাম রাখা হয়েছে ওহী বিন ওয়াদুদ। ব্যক্তিগত কারণে মা হওয়ার তারিখ প্রকাশ করতে চাননি এই অভিনেত্রী।
একাধিক সংবাদমাধ্যমকে সুখবরটি জানিয়েছেন মৌসুমী। সন্তানকে ঘিরেই এখন তার সময় কাটছে। ছেলেকে খাওয়ানো ও ঘুম পাড়ানোসহ নতুন জীবনের সঙ্গে মানিয়ে নেওয়া তার প্রতিদিনের রুটিনে যুক্ত হয়েছে।
মা হওয়ার অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন বলেও জানিয়েছেন অভিনেত্রী। ছেলের চেহারায় নিজের ছাপ দেখতে পেয়েছেন উল্লেখ করে সন্তানের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
গত জুলাইয়ে মা হতে যাওয়ার খবর জানিয়েছিলেন মৌসুমী। ওই সময় স্বামী আবদুল ওয়াদুদকে পরিচয় করিয়ে দেন তিনি। অভিনেত্রী জানিয়েছিলেন, ১৪ বছরের বন্ধুত্বের সম্পর্ক থেকে তাদের বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে পরিচিতি পাওয়া মৌসুমী হামিদ এক যুগের বেশি সময় ধরে নাটকে অভিনয় করছেন। ছোট পর্দার পাশাপাশি চলচ্চিত্র ও ওটিটি কনটেন্টেও কাজ করেছেন তিনি।
আপাতত অভিনয় থেকে কয়েক মাসের বিরতি নিয়ে সন্তানকে সময় দেওয়ার পরিকল্পনা রয়েছে মৌসুমীর। তার সর্বশেষ অভিনীত সিনেমা ‘যাপিত জীবন’ গত শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এবং বর্তমানে প্রদর্শিত হচ্ছে।

