অনলাইন ডেস্ক: বহু বছর ধরে দেশের বিভিন্ন জেলার ঐতিহ্যবাহী ও উল্লেখযোগ্য স্থানে নির্মিত হচ্ছে ‘ইত্যাদি’। দর্শকপ্রিয় এই ম্যাগাজিন অনুষ্ঠান এবার জয়পুরহাটের ঐতিহ্যবাহী নান্দাইল দিঘির কোল ঘেঁষে ধারণ করা হয়েছে।
তিন শতাধিক বছর পুরনো নান্দাইল দিঘির পাড়ে থাকা নান্দাইল দিঘি কলেজ প্রাঙ্গণে হাজারো দর্শককে নিয়ে আয়োজন করা হয় এবারের পর্বের। দিঘির জলরাশি ও প্রাচীন ঐতিহ্যের আবহে নান্দনিক আলোকসজ্জায় সাজানো হয় মঞ্চ।
কালাই উপজেলায় অনুষ্ঠানটি আয়োজিত হলেও জয়পুরহাটের বিভিন্ন উপজেলা এবং পার্শ্ববর্তী জেলা থেকে নানা বয়সী মানুষ এটি দেখতে আসেন। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে দর্শকদের মধ্যে আমন্ত্রণপত্র বিতরণ করা হয়।
এবারের পর্বে থাকছে তিনটি ভিন্ন আঙ্গিকের গান। এর একটি জয়পুরহাটের কৃতী সন্তান সংগীতশিল্পী খুরশীদ আলমের শ্রোতাপ্রিয় তিনটি গানের সমন্বয়ে তৈরি করা হয়েছে। নজরুল বর্ষ উদযাপনের অংশ হিসেবে কাজী নজরুল ইসলামের একটি গান নতুন সংগীতায়োজনে পরিবেশন করেছেন ফাতেমা তুজ জোহরা ও ইয়াসমিন মুশতারি। দুটি গানেরই সংগীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা।
জয়পুরহাটের ইতিহাস, ঐতিহ্য ও লোকসংস্কৃতি তুলে ধরে থাকছে জেলা পরিচিতিমূলক নৃত্যগীত। মনিরুজ্জামান পলাশের কথায় গানটিতে কণ্ঠ দিয়েছেন রাশেদ ও স্বীকৃতি। এস কে জাহিদের পরিচালনায় এতে অংশ নেন স্থানীয় নৃত্যশিল্পীরা।
দর্শকপর্বে জয়পুরহাটকে ঘিরে প্রশ্নোত্তরের মাধ্যমে চারজন দর্শক নির্বাচন করা হয়। তারা ‘লতিরাজ কচু’ ও ‘সোনালি মুরগি’ নিয়ে রচিত নাট্যাংশে স্থানীয় ভাষায় অভিনয় করেন।
অনুষ্ঠানে জয়পুরহাটের কৃষি, পোল্ট্রি শিল্প, ইতিহাস, ঐতিহ্য ও দর্শনীয় স্থান নিয়ে তথ্যভিত্তিক প্রতিবেদন থাকছে। পাশাপাশি বাকপ্রতিবন্ধী তিন ভাই, ছাই দিয়ে মাটির ক্যানভাসে প্রতিকৃতি আঁকা শিল্পী প্রসেনজিৎ বর্মন এবং যশোরের লেয়াকত আলীকে নিয়ে থাকছে বিশেষ প্রতিবেদন।
চিঠিপত্র পর্বের পাশাপাশি সামাজিক অসংগতি ও সমসাময়িক বিষয় নিয়ে কয়েকটি নাট্যাংশও থাকছে। এর মধ্যে রয়েছে অনলাইন প্রতারণা, সেলফি সংস্কৃতি, ইয়েস স্যার কালচার, ডিজিটাল ট্রল ও চটকদার শিরোনামে চটকহীন খবরের মতো বিষয়।
‘ইত্যাদি’র নতুন পর্বটি ২৭ নভেম্বর শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে। অনুষ্ঠানটি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।

