Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

মাইকেলের গান গাইতে গিয়ে সাময়িকভাবে কণ্ঠ হারান জাফর

মাইকেলের গান গাইতে গিয়ে সাময়িকভাবে কণ্ঠ হারান জাফর

অনলাইন ডেস্ক: মাইকেল জ্যাকসনের গান গাইতে গিয়ে সাময়িকভাবে কণ্ঠ হারিয়েছিলেন তার ভাতিজা জাফর জ্যাকসন। ‘মাইকেল’ সিনেমায় প্রয়াত পপসম্রাটের চরিত্রে অভিনয়ের পাশাপাশি তার গানও গেয়েছেন জাফর। তবে ১৯৭৯ সালের জনপ্রিয় গান ‘ডোন্ট স্টপ ’টিল ইউ গেট এনাফ’ গাইতে গিয়ে কঠিন অভিজ্ঞতার মুখে পড়তে হয় তাকে।

সম্প্রতি লস অ্যাঞ্জেলেস টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ৩০ বছর বয়সী জাফর জানান, গানটির দৃশ্য ধারণের সময় তিনি কুইন্সি জোনস ও সাউন্ড ইঞ্জিনিয়ার ব্রুস সুইডিয়েনের সঙ্গে রেকর্ডিং স্টুডিওতে ছিলেন। পুরো গানটি ফ্যালসেটো কণ্ঠে গাওয়ার পরদিন তার কণ্ঠস্বর হারিয়ে যায় বলে জানান তিনি।

জাফরের ভাষ্য, উচ্চ স্বরে গানটি গাওয়া তার কণ্ঠের জন্য কঠিন ছিল। তবে ওই দৃশ্যে মাইকেলের গায়কির সঙ্গে তাল মেলানোর চেষ্টা তার জন্য দারুণ অভিজ্ঞতা ছিল। গানটি মাইকেলের নিজের লেখা এবং শুরুর দিকের পছন্দের গানগুলোর একটি বলেও উল্লেখ করেন তিনি।

এই অভিজ্ঞতা থেকে একটি গান তৈরি করতে কতটা পরিশ্রম করতে হয়, তা বুঝতে পেরেছেন বলে জানান জাফর। মাইকেলের মূল কণ্ঠের সঙ্গে তার গাওয়া অংশ মিলিয়ে গানটি তৈরি করা হয়েছে।

অ্যান্টনি ফুকোয়া পরিচালিত ও জন লোগান রচিত ‘মাইকেল’ সিনেমায় পপসম্রাটের জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরা হয়েছে। ১৯৬৯ সালে জ্যাকসন ফাইভের সদস্য হিসেবে মোটাউন রেকর্ডসে চুক্তিবদ্ধ হওয়া থেকে বিশ্বসংগীতের শীর্ষ তারকা হয়ে ওঠার গল্প এতে রয়েছে। মাইকেলের গান চর্চার পাশাপাশি তার জীবনের বিভিন্ন সময়ের চরিত্র ফুটিয়ে তুলতে বিস্তারিত পড়াশোনাও করেছেন জাফর।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram