অনলাইন ডেস্ক: এক তরুণীকে পানশালায় যৌন নিপীড়নের অভিযোগে এক বছরের বেশি সময় কারাগারে ছিলেন সাবেক ব্রাজিল তারকা দানি আলভেজ। পরে আদালতের রায়ে তিনি নির্দোষ ঘোষিত হন। তবে কারাগারে থাকার সময় তার জীবন সম্পর্কে দৃষ্টিভঙ্গি বদলে যায় বলে সাম্প্রতিক মন্তব্যে জানিয়েছেন তিনি।
স্পেনের একটি কারাগারে ১৪ মাস আটক ছিলেন আলভেজ। এই সময়ে ধর্মবিশ্বাস তার মধ্যে সুখ ও পরিপূর্ণতার অনুভূতি তৈরি করে বলে জানান তিনি। ফুটবল ক্যারিয়ারে লাখ লাখ ইউরো আয় করেও এমন অনুভূতি পাননি বলে দাবি করেন সাবেক এই খেলোয়াড়।
বর্তমানে ধর্মপ্রচারক হিসেবে কাজ করছেন আলভেজ। সম্প্রতি এক ধর্মীয় বক্তৃতায় তিনি বার্সেলোনার কাছে ব্রায়ান্স ২ কারাগারে থাকার সময়ের কথা স্মরণ করেন। সেখানে কাজ করে ১১৩ ইউরো আয় করতেন তিনি। আলভেজ বলেন, ওই স্বল্প আয়ও তার জন্য অত্যন্ত সুখের ছিল।
ঈশ্বরের সঙ্গে সম্পর্ক তার দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে বলেও জানান আলভেজ। ধর্মীয় বক্তৃতাগুলোতে তিনি কারাগারে থাকার সময় এবং তার আধ্যাত্মিক পরিবর্তনের কথা তুলে ধরছেন।
৪৩ বছর বয়সী আলভেজ ২০২৩ সালের জানুয়ারিতে গ্রেপ্তার হন। ২০২২ সালের ডিসেম্বরে বার্সেলোনার একটি নৈশক্লাবে এক তরুণীকে যৌন নিপীড়নের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে আদালত তাকে সাড়ে চার বছরের কারাদণ্ড দেন। একই বছরের মার্চে ১০ লাখ ইউরো জরিমানা দিয়ে জামিন পান তিনি। এর আগে ১৪ মাস কারাগারে ছিলেন।
২০২৫ সালের মার্চে কাতালুনিয়ার শীর্ষ আদালত আপিলে তার সাজা বাতিল করে তাকে নির্দোষ ঘোষণা করে। আদালত জানায়, আগের রায়ে কিছু অসঙ্গতি ছিল এবং তার নির্দোষিতা নাকচ করার মতো যথেষ্ট প্রমাণ পাওয়া যায়নি।
আলভেজ বার্সেলোনা, জুভেন্টাস ও প্যারিস সেন্ট জার্মেইর হয়ে খেলেছেন। ৪৬টি ট্রফি জিতে তিনি ফুটবল ইতিহাসের অন্যতম সফল খেলোয়াড় হিসেবে পরিচিত। ব্রাজিলের হয়ে ১২৬ ম্যাচ খেলে দুটি কোপা আমেরিকাও জিতেছেন তিনি।

